দক্ষিণ আফ্রিকায় মমিনুলের সেঞ্চুরি
মমিনুল হকের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ৪৮ রানে পিছিয়ে থাকল জিপি-বিসিবি একাডেমি দল। প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২৮৫ রান। প্রথম ইনিংসে ৩৩৩ রান করা স্বাগতিক একাডেমি দল কাল দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ৭ রান।আগের দিনের নায়ক ছিলেন হ্যাটট্রিকসহ ৭ উইকেট নেওয়া অফ স্পিনার সোহাগ গাজী। কাল ১৪০ রান করে ব্যাট হাতে আলো ছড়ালেন মমিনুল। ফিফটি করেছেন সানজামুল ইসলামও। তবে ইনজুরিতে পড়ায় প্রথম ইনিংসে জিপি-বিসিবি একাডেমির হয়ে ব্যাট করতে পারেননি অধিনায়ক মাহমুদুল হাসান। মাহমুদুলের ইনজুরিটা কী সেটা কাল রাতেই জানাতে না পারলেও বিসিবি সূত্রে জানা গেছে, এক্সরে করাতে হয়েছে তাঁকে।প্রিটোরিয়াতেই সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ১৮ আগস্ট। এর আগে ওয়ানডে সিরিজে জিপি-বিসিবি একাডেমি দল হেরেছে ২-১ ব্যবধানে।