দক্ষিণ এশীয় বাস্কেটবলে ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (সাবা) বরাবরই ভালো করে এসেছে বাংলাদেশ। গত তিনটি আসরে একবার চ্যাম্পিয়ন এবং দুবার রানার্সআপ হয়েছে। কিন্তু ভারতের বেঙ্গালুরুতে কাল শেষ হওয়া সাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বাজে ফল করেছে—ছয় দেশের মধ্যে হয়েছে চতুর্থ। আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া এবারের সাবায় অংশ নিয়েছে ছয়টি দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে ভারত।
বেঙ্গালুরুর কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে শুধু মালদ্বীপ ও ভুটানের সঙ্গে। হেরেছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার কাছে।
সাধারণত সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সেবা সংস্থার অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই গড়া হয়ে থাকে জাতীয় দল। কিন্তু এবারের সাবা চ্যাম্পিয়নশিপের দলে ফেডারেশন ক্লাবের খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছে। অভিজ্ঞ বলতে নৌবাহিনী থেকে মিথুন কুমার বিশ্বাস এবং সেনাবাহিনী থেকে আবদুল ওয়াদুদ ও মিথুন সরকারকেই শুধু নেওয়া হয়েছে। মাত্র এক মাসের অনাবাসিক ক্যাম্প করেছে ফেডারেশন। কোনো বিদেশি কোচ ছিল না। সাবেক অধিনায়ক রাশেদুজ্জামানের চোখে এসব কারণেই এমন বাজে ফল হয়েছে বাংলাদেশের।