দক্ষিণ কোরিয়া-রাশিয়া সমানে সমান

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ শুরুটা মন্দ হলো না। কুইয়াবায় রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করাটা তাদের জন্য স্বস্তিরই। এর আগের তিনটি বিশ্বকাপে কোরিয়ার শুরুটা জয়ে হলেও এবার প্রতিপক্ষের বিচারে অমীমাংসার ম্যাচটাও তাদের জন্য তৃপ্তিদায়ক। পুরো ৯০ মিনিট সমানতালে লড়াইটাতো অন্তত করা গেছে!
রাশিয়ার সঙ্গে বল দখলের লড়াইয়ে কোনো ছাড় দেয়নি এশীয় জায়ান্টরা। পরিসংখ্যান বলছে বলের দখল ছিল একেবারে ৫০:৫০। গোলে শটের পরিসংখ্যানেও ‘কেহ কারে নাহি ছাড়ে।’ কোরীয় গোলরক্ষক জুং-সুং রিয়ং অসাধারণ খেলেছেন। দুর্দান্ত কিছু সেভে তিনি রুশ আক্রমণের সামনে এক দুর্ভেদ্য দেয়াল হয়েই দাঁড়িয়েছিলেন। কর্নার পাওয়ার দিক দিয়েও কোনো দলই কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। আরও একটি ব্যাপারে দুই দলই দাঁড়িয়ে একই জায়গায়। দুই দলের পক্ষেই গোল করেছেন বদলি খেলোয়াড়।
খেলার বন্ধ্যাত্ব ঘোচানো গোলটি আসে ৬৮ মিনিটে। লি কিউন হো’ এগিয়ে দেন দক্ষিণ কোরিয়াকে। তাঁর শট অবশ্য রুশ গোলরক্ষক ইকর আকিনফিভের হাতে লেগেছিল। কিন্তু তিনি শেষ রক্ষা করতে পারেননি। রাশিয়া ম্যাচ সমতা ফেরাতে বেশি সময় নেয়নি। ৭৪ মিনিটেই কোরিয়ার বক্সের এক জটলার মধ্য থেকে গোল করেন আলেকসান্দর কেরজাকভ।
