দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারাল আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮২ সালের পর এবারের বিশ্বকাপেই জয়ের দেখা পেয়েছে আলজেরিয়া। ছবি: রয়টার্স
১৯৮২ সালের পর এবারের বিশ্বকাপেই জয়ের দেখা পেয়েছে আলজেরিয়া। ছবি: রয়টার্স

প্রথমার্ধে আলজেরিয়া, দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া। প্রায় এমনই ছিল আজকের আলজেরিয়া-দক্ষিণ কোরিয়া ম্যাচের সমীকরণ। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে খেলায় ফিরেছিল দক্ষিণ কোরিয়া। তবে শেষপর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এশিয়ার প্রতিনিধিদের। ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে আলজেরিয়া।
প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণই চালাতে দেখা যায়নি কোরিয়াকে। রক্ষণও ছিল অগোছালো। সেই সুযোগটা আলজেরিয়া খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে। ২৬ মিনিটে কার্ল মেজানির দারুণ একটি পাস থেকে বল পেয়ে গোল করেন ইসলাম স্লিমানি। দুই মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে দেন রফিক হালিচে। আবদেলমুমেন জাবুর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন এই আলজেরিয়ান ডিফেন্ডার। ৩৮ মিনিটের মাথায় জাবু নিজেই করেন দলের তৃতীয় গোলটি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরীয়া হয়েই মাঠে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। প্রথম গোলটির জন্য খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। ৫০ মিনিটে গোল করেন হিউং-মিন সন। ৬২ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে দেন আলজেরিয়ার ইয়াসিন ব্রাহিমি। স্লিমানির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে দারুণভাবে কোরিয়ার জালে বল জড়িয়েছেন এই মিডফিল্ডার। ৭২ মিনিটে কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন কু জা-চেওল।
দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার আরও দুইটি গোলপ্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন আলজেরিয়ার গোলরক্ষক রাইস এমবোলহি।
আজকের এই জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে আলজেরিয়া। বেলজিয়াম সবার আগেই নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। দুই ম্যাচ শেষে আলজেরিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার ঝুলিতে জমা হয়েছে এক পয়েন্ট।