দক্ষিণ কোরিয়াও কিছু পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোরিয়া আজ হয়তো হেরে গেল। কিন্তু এই বিশ্বকাপ থেকে তারা বিজয়ীর মতোই মাথা উঁচু করে বাড়ি ফিরবে’—কে বললেন কথাটা? কোনো দক্ষিণ কোরিয়ান নন, কোনো এশিয়ান নন, এমনকি কোরিয়ার কোনো হিতাকাঙ্ক্ষী বলে পরিচিত কেউও নন; পার্ক জি-সুংদের সম্পর্কে কথাটা বললেন তাঁদের বিদায় করে দেওয়া উরুগুয়ে দলের কোচ অস্কার তাবারেজ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, আইভরিকোস্ট—এবার বিশ্বকাপে তথাকথিত ছোট দলগুলোর ‘মাথা উঁচু করে বিদায়’ নেওয়ার ধুম পড়ে গেছে। তবে বাকিদের বিদায়টা যেখানে প্রথম রাউন্ডে, ‘ছোট’ দক্ষিণ কোরিয়া সেই বিদায়টা নিল দ্বিতীয় পর্ব থেকে। আর সেই বিদায়ের ম্যাচে যা খেলল তারা, তাতে মনে হলো দক্ষিণ কোরিয়ার অগ্রযাত্রা আরও এগোতে পারত।তাহলে কোরিয়ার এই বিদায় কি বিষাদের, নাকি গর্বের? দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কি সুং-ইয়ং বলছেন, ভালো খেলেও হেরে যাওয়ার কষ্ট আছে তাঁদের। তার পরও সব মিলিয়ে দলের পারফরম্যান্সে তিনি খুশিই, ‘খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই খুশি। আমরা অন্তত পৃথিবীকে দেখিয়ে দিতে পেরেছি, এশিয়ান ফুটবল পৃথিবীর যেকোনো দেশের মুখোমুখি হওয়ার মতো ভালো।’দক্ষিণ কোরিয়া এবারের বিশ্বকাপ নিয়ে আসলেই গর্ব করতে পারে। হ্যাঁ, ২০০২ বিশ্বকাপে তারা সেমিফাইনালেও খেলেছিল। কিন্তু সেবারের সেই উত্থানে অনেক প্রশ্ন মিশিয়ে দিয়েছিল সংবাদমাধ্যম। স্বাগতিক হিসেবে তারা রেফারি ও ফিফার অনৈতিক আনুকূল্য পেয়েছিল বলেও প্রচারণা ছিল। পরের বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়া কোরিয়ানরা এই সমালোচনার জবাব দিতে পারেনি। এবার কিছুটা হলেও সমালোচনার জ্বালাটা জুড়াতে পেরেছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে হারলেও গ্রিসকে হারিয়ে ও নাইজেরিয়ার সঙ্গে ড্র করে দ্বিতীয় পর্বে উঠে এসেছে। কাগজ-কলমের হিসাবে লাতিন দেশ উরুগুয়ের বিপক্ষে আত্মসমর্পণই করার কথা ছিল দক্ষিণ কোরিয়ার। কিন্তু মাঠে যে উল্টো দক্ষিণ কোরিয়াকেই পরাশক্তি মনে হলো! প্রথমার্ধেই এগিয়ে যাওয়া উরুগুয়েকে প্রবল পরাক্রমে চেপে ধরল তারা দ্বিতীয়ার্ধে। একের পর এক আক্রমণ করে সমতাও ফেরাল। স্রেফ ভাগ্য তাদের আরেকটা গোল-বঞ্চিত করল। শেষ পর্যন্ত ওই ভাগ্যই ছিটকে দিল ম্যাচ থেকেও।কোরিয়ার এমন প্রবল প্রতাপ চোখ কেড়েছে প্রতিপক্ষ কোচেরও। তিনিও বলছেন, এই ম্যাচে হার প্রাপ্য ছিল না কোরিয়ানদের, ‘ওরা ওদের আক্রমণ দিয়ে, সরাসরি খেলা দিয়ে আমাদের চমকে দিয়েছে। ওরাই আসলে ঠিক করে দিয়েছে খেলাটা কীভাবে চলবে। কোরিয়ানরা অসাধারণ খেলেছে। সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ওদের পক্ষে ছিল না। কিন্তু এটাই ফুটবল।’হ্যাঁ, এই ফুটবলটাকে মেনেই নিচ্ছে কোরিয়ানরা। সঙ্গে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নিজের আধিপত্যটা নিয়ে গর্ব করছেন। যে গর্ব করছেন তাঁদের কোচ হু জুং-মু, ‘ছেলেরা কখনো হাল ছাড়েনি। নাছোড়বান্দার মতো শেষ পর্যন্ত খেলে গেছে, চ্যালেঞ্জ নিয়েছে। ওরা প্রমাণ করেছে, ওরা সত্যিকারের কোরিয়ান।’হ্যাঁ, এই সত্যিকারের কোরিয়ান হওয়ার গর্ব নিয়ে ফিরছেন পার্ক জি-সুংরা। এখন তাদের অপেক্ষা এশিয়া কাপে নিজেদের দাপট দেখানোর। সেই অপেক্ষার কথাই বলছিলেন কি সুং-ইয়ং, ‘আমরা বিশ্বকাপে অসাধারণ খেলেছি। এটাই এশিয়া কাপে খেলতে পারলে আমরা ট্রফিটা জিততে পারি।’শুধু এশিয়া কাপ কেন, কোরিয়ানরা এখন ইচ্ছে করলে অনেক কিছুই জিততে পারে, দর্শকদের মন তো বটেই। এএফপি।