দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শেষ আটে উরুগুয়ে
পারল না দক্ষিণ কোরিয়া। প্রাণপণ লড়াই করেও লাতিন দুর্গ ভেঙে শেষ আটে যেতে পারল না এশিয়ার এই দলটি। উরুগুয়ের লুইস সুয়ারেজের দেওয়া ২ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ৪০ বছর পর কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয়। ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া উরুগুয়েই একমাত্র লাতিন দল, যারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে।বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম খেলাটি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক। দক্ষিণ কোরিয়া দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়ই উরুগুয়ের সীমানায় আক্রমণের পর আক্রমণ চালিয়েও জয় বের করতে পারেনি। অন্যদিকে উরুগুয়ে নিজেদের খেলোয়াড়দের অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে যেতে পারত দক্ষিণ কোরিয়া। পার্ক চু ইয়ংয়ের ফ্রি-কিক থেকে বল উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে।খেলার ৮ মিনিটের সময় একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল বের করে নেয় উরুগুয়ে। প্লে-মেকার ডিয়েগো ফোরলান বাঁ প্রান্ত থেকে বল নিয়ে মাইনাস করেন দক্ষিণ কোরীয় ডি-বক্সে। ফোরলানের মাইনাস করা বলটি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে একেবারে ফাঁকায় দাঁড়ানো সুয়ারেজ বলটি জালে জড়িয়ে দেন।দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলে দক্ষিণ কোরিয়া। কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু উরুগুয়ের রক্ষণভাগ ও কোরীয় ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা সমতায় ফিরতে পারছিল না। ৬৮ মিনিটের সময় কোরিয়া গোল করে ম্যাচে ফিরে আসে। গোলটি করেন লি চুং ইয়ং।সমতা ফিরিয়ে নিয়ে আসার পর দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের বেশ কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। সেই সুযোগে উরুগুয়ে আবার আক্রমণ জোরদার করে। এমনই এক আক্রমণ থেকে সেই সুয়ারেজ এক চমত্কার বাঁকানো শটে গোল করে কোয়ার্টার ফাইনালের পথে নিয়ে যান উরুগুয়েকে।