দক্ষিণাঞ্চলই জিতল ক্রিকেট লিগ শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জয়ের পর উল্লাসে মেতেছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেটারেরা
শিরোপা জয়ের পর উল্লাসে মেতেছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেটারেরা

চতুর্থ দিনের শেষ ওভারেই দেখা গিয়েছিল নাসির হোসেনের চঞ্চলতা। আউটও হয়ে যেতে পারতেন রাজ্জাকের সেই ওভারে। শেষ পর্যন্ত অবশ্য মাঠ ছাড়তে পেরেছিলেন অপরাজিত থেকেই। আজ পঞ্চম দিনে নাসির ও ফরহাদ হোসেনের দিকে তাকিয়েই অসম্ভব কিছু করার স্বপ্ন দেখেছিলেন উত্তরাঞ্চলের সমর্থকেরা। কিন্তু সফল হতে পারেননি নাসির। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন উত্তরাঞ্চলের অধিনায়ক। আবদুর রাজ্জাকের ঘূর্ণিজাদুতে আজ শেষ দিনে মাত্র ২৫ ওভার ব্যাটিং করেই সাতটি উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চল বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ২১৩ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে।

জয়ের জন্য ৫৭৪ রানের লক্ষ্যটা বেশ দুরূহই বটে। কিন্তু চতুর্থ উইকেটে নাসির ও ফরহাদের ১৩২ রানের জুটি অসম্ভব কিছু করারই ইঙ্গিত দিয়েছিল। দিনের শুরুতেই এই জুটি ভেঙে দক্ষিণাঞ্চলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন আল আমিন। গতকালের সঙ্গে একটি রানও যোগ করতে পারেননি নাসির। ফিরেছেন সেই ৬৭ রানেই। পরের ওভারেই তানভির হায়দারকে আউট করেছিলেন মোস্তাফিজুর রহমান। 

বাকি কাজটা সেরেছেন রাজ্জাক। অল্প সময়ের মধ্যেই তুলে নিয়েছেন হামিদুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন ও শুভাশিষ রায়ের উইকেট। ৮৪ থেকে ৮৮; এই পাঁচ ওভারের মধ্যেই চারটি উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল। পুরো ইনিংসে রাজ্জাক নিয়েছেন ছয়টি উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের দারুণ ইনিংসটি খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে দক্ষিণাঞ্চলের ওপেনার ইমরুল কায়েসের হাতে।