দখিনা বাতাসে উড়ে গেল উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণাঞ্চলের ক্রিকেটারদের শিরোপা জয়ের উল্লাস৷ কাল মিরপুরে প্রথম আলো
দক্ষিণাঞ্চলের ক্রিকেটারদের শিরোপা জয়ের উল্লাস৷ কাল মিরপুরে প্রথম আলো

শুভাশিসের বেলস আকাশে উড়তেই দিগ্বিদিক ছুটলেন মিঠুন-সৌম্য-আল আমিনরা৷ ছুটে মাঠে ঢুকলেন বাইরে থাকা সতীর্থরাও৷ গ্রীষ্মের প্রচণ্ড খরতাপেও অনেকটা দীর্ঘ হলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শিরোপা উদ্যাপন৷ ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচের টুর্নামেন্টে এমন বাঁধনহারা উদ্যাপন খানিকটা বিরলই৷ বাইরে এসে খানিকটা দম নিয়ে অধিনায়ক আবদুর রাজ্জাক জানালেন এত উচ্ছ্বাসের কারণ, ‘এমনিতে আমি পাড়ার ম্যাচেও সব সময় জিততে চাই৷ আর এটি তো দেশের অন্যতম সেরা প্রথম শ্রেণির টুর্নামেন্ট৷ দল কম বলে জাতীয় লিগের চেয়েও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এ টুর্নামেন্ট৷ খুব চ্যালেঞ্জিং, জিতে খুব ভালো লাগছে৷’
‘চ্যালেঞ্জিং’ টুর্নামেন্টের শেষ দিনটা কিন্তু ছিল একদমই একতরফা৷ আগের দিন বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের প্রতিরোধ প্রাণ ফিরিয়েছিল ম্যাচে৷ কাল দুর্দান্ত বোলিংয়ে সেই ‘প্রাণ’ কেড়ে নিয়েছে দক্ষিণাঞ্চল৷ ৬ উইকেট নিয়ে অধিনায়ক রাজ্জাক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে৷ ৭ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল শেষ কাল দুই ঘণ্টা তিন মিনিটেই! ২১৩ রানের বিশাল জয়ে বিসিএলের দ্বিতীয় আসরের শিরোপা জিতল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল৷ টানা দ্বিতীয়বার ফাইনালে হারের তিক্ত স্বাদ পেতে হলো উত্তরাঞ্চলকে৷ গতবার ফাইনালে তাদের হারিয়ে প্রথম বিসিএলের শিরোপা জিতেছিল ওয়ালটন মধ্যাঞ্চল৷
জমজমাট একটি শেষ দিনের সম্ভাবনা শেষ সাতসকালেই৷ আগের দিন শেষ ওভারে ছটফটে ব্যাটিংয়েও বেঁচে গিয়েছিলেন নাসির হোসেন৷ কাল আর রক্ষে হয়নি৷ দিনের দ্বিতীয় ওভারেই আল আমিনের ইনসুইঙ্গারে বোল্ড৷ বলটি দারুণ ছিল সন্দেহ নেই, তবে নাসিরও পুরোপুরি সামনে পা না বাড়িয়ে খেলেছেন হাফ ফরোয়ার্ড৷ পরের ওভারেই তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন তানভির হায়দারকে৷ ম্যাচ শেষ আসলে ওখানেই৷ দক্ষিণাঞ্চলের জয়টা এরপর ছিল স্রেফ সময়ের ব্যাপার৷ প্রচণ্ড গরমেও পুরো ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়া আল আমিন আরেক স্পেলে তুলে নিয়েছেন সানজামুলকে৷ কালকের বাকি চারটি উইকেটই রাজ্জাকের৷ প্রথমটিতে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক, হামিদুল ইসলামকে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁয়েছেন তিন শ উইকেট৷ আগের দিন চোট নিয়ে মাঠছাড়া সোহাগ গাজীর অভাব বুঝতেই দেননি রাজ্জাক৷ উত্তরাঞ্চল দুই ঘণ্টা টিকে থাকতে পেরেছে ফরহাদ হোসেন কালও দাঁড়িয়ে যাওয়ায়৷ ৮৫ রানে দিন শুরু করা অভিজ্ঞ ব্যাটসম্যান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি৷

ফরহাদ ১২৯
ফরহাদ ১২৯

আগেরবারও ফাইনাল খেলে হেরেছিলেন, ফরহাদ মেনে নিলেন প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব, ‘দুবারই ফাইনালে আমরা বাজে খেলেছি, প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে৷’ অধিনায়ক নাসির হোসেনের কণ্ঠে আক্ষেপ প্রথম ইনিংস নিয়ে, ‘প্রথম ইনিংসে ওদের ২৭১ রানে গুটিয়ে দেওয়ার পর আমাদের বড় লিড নেওয়া উচিত ছিল৷ সাউথ জোনকে (দক্ষিণাঞ্চল) অভিনন্দন, যোগ্য হিসেবেই জিতেছে ওরা৷’
প্রথম ইনিংসে দুই দলের ব্যবধান ছিল মাত্র ৩৬ রান, তবে ওটাই মনোবল চাঙা করেছিল দক্ষিণাঞ্চলের৷ ম্যাচের প্রথম দিনেই ২৭১ রানে গুটিয়ে যাওয়ার পর অধিনায়ক রাজ্জাক ড্রেসিং রুমে সবাইকে উদ্বুদ্ধ করে বলেছিলেন, ‘এখনো আমাদের লিড নেওয়া সম্ভব৷’ আল আমিন, সোহাগদের নিয়ে সেটা সম্ভব করে দেখিয়েছেন অধিনায়ক নিজে৷ দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনদের দুর্দান্ত ব্যাটিং অনেকটাই নিশ্চিত করে দেয় শিরোপা৷ অধিনায়ক রাজ্জাকের হার না মানা মানসিকতা আর নেতৃত্বগুণে মুগ্ধ কোচ খালেদ মাহমুদ৷ সেটারই প্রতীক হয়ে যেন জয়ে শেষ তুলির অাঁচড়ও দিলেন রাজ্জাকই, ম্যাচের শেষ উইকেটটি নিয়ে৷
বিসিএল স্কোর
দক্ষিণাঞ্চল: ১ম ইনিংস ২৭১ ও ২য় ইনিংস ৫৩৬
উত্তরাঞ্চল: ১ম ইনিংস ২৩৫ ও ২য় ইনিংস ৩৫৯ (ফরহাদ ১২৯, নাসির ৬৭, তানভির ১, হামিদুল ২২, রেজা ১৬, সানজামুল ১, তাইজুল ৯*, শুভাশিস ৪, রাজ্জাক ৬/১০২, আল আমিন ২/৭৯, মুস্তাফিজুর ১/২৭, শুভাগত ১/৫৯)৷
ফল: দক্ষিণাঞ্চল ২১৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস
ম্যান অব দ্য টুর্নামেন্ট: তাইজুল ইসলাম

সেরা ৫
সেরা ৫

সেরা ৫
ব্যাটিং
রান গড় সর্বোচ্চ ১০০/৫০
ইমরুল কায়েস ৫১১ ৭৩.০০ ২০৪ ১/২
মোহাম্মদ মিঠুন ৪৪১ ৬৩.০০ ১২৬ ২/২
শামসুর রহমান ৪২৫ ৮৫.০০ ২৬৭ ১/১
ফরহাদ হোসেন ৩৯২ ৫৬.০০ ১২৯ ১/২
ফরহাদ রেজা ৩৪৭ ৫৭.৮৩ ১৫৩ ১/১
বোলিং
উইকেট গড় সেরা ৫/১০
তাইজুল ইসলাম ৩৭ ১৭.২৪ ৮/৮৬ ৫/৩
আবদুর রাজ্জাক ২৭ ২৩.৩৩ ৬/১০২ ২/০
মাহমুদউল্লাহ ২১ ২৩.২৯ ৭/৯৪ ২/১
সোহাগ গাজী ১৬ ৩১.৩১ ৪/৬৭ ০/০
ইলিয়াস সানি ১৪ ২৩.৫০ ৫/৪৪ ১/০