দমের রহস্য ব্যাঙের জুস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেড ডেভিল সমর্থকদের কাছে তাঁর নাম ‘থ্রি-লাংস পার্ক’। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে চষে বেড়ান পুরো মাঠ, ফুসফুস তিনটে না থাকলে কি আর এটা সম্ভব! শুধু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরাই বা কেন, পার্ক জি সুংয়ের দম দেখে অবাক হননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তাঁর অফুরন্ত দমের রহস্য জানা গেল এত দিনে। জানিয়েছেন পার্ক নিজেই—জুস! আম, কমলা, আপেল বা আনারসের জুস নয়; ব্যাঙের জুস!ছেলেবেলা থেকেই স্বপ্ন ফুটবলার হবেন। কিন্তু সমবয়সীদের তুলনায় বেড়ে উঠছিলেন না ঠিকমতো, শরীরও ছিল শীর্ণ। ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত বাবা পার্ককে নিয়ে নিজ শহর সুয়োন ছেড়ে চলে এলেন গো-হিউংয়ে। এখানে ছিল বিশাল এক ব্যাঙের খামার। কোত্থেকে যেন তাঁর বাবা শুনেছিলেন, ব্যাঙের জুসে আছে প্রচুর প্রোটিন, যেটা পার্ককে শক্ত-পোক্ত করে তুলতে পারে। ব্যস, চলতে থাকল পার্কের ব্যাঙ-চিকিৎসা। খামার থেকে জুস আনতেন তাঁর বাবা, পার্ক অনুশীলন করে এসে দেখতেন গরম করে রাখা হয়েছে সেই জুস। পার্ক এসে গিলে ফেলতেন ঢকঢক করে।নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কেমন ছিল জুসের স্বাদ? পার্কের মুখেই শুনুন, ‘আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া কিন্তু সবাই বলত আমাকে আরও বড়, আরও শক্তিশালী হতে হবে। বাবা বললেন, ওই জুসে আমার স্বাস্থ্য ভালো হবে। খুব, খু-উ-ব বাজে ছিল স্বাদ। কিন্তু তবু আমি দিনের পর দিন খেয়েছি। কারণ, স্বপ্নপূরণের জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলাম।’ব্যাঙের জুসে খুব একটা লম্বা বা সুঠামদেহী হয়তো হতে পারেননি, তবে পেয়ে গেছেন ওই অবিশ্বাস্য দম! যে দম ইউনাইটেডের অমূল্য রত্নে পরিণত করে তুলেছে তাঁকে। প্রচারের আলো কখনোই খুব একটা পড়ে না তাঁর ওপর, কিন্তু নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যান ঠিকই। বলা যায়, তিনি ইউনাইটেডের ‘আনসাং হিরো’।পার্কের দমের রহস্য না হয় জানা গেল। কিন্তু বিশ্ব থেকে এখন ব্যাঙ উজাড় না হয়ে গেলেই হয়। পার্কের কথা শোনার পর ব্যাঙের জুস এখন নিশ্চয়ই মূল্যবান খাবার হিসেবে বিবেচিত হবে! এএফপি।