দরকার নীতির বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাতীয় ক্রীড়া পুরস্কার

প্রার্থীকে অন্তত ৫ বছর জাতীয় দলে খেলতে হবে। অন্তত ১০টি আন্তর্জাতিক ম্যাচ, সাতটি জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা আবশ্যক।

আন্তর্জাতিক পর্যায়ে অন্তত একটি সোনা বা দুটি রুপা বা তিনটি ব্রোঞ্জ জিততে হবে।

জাতীয় পর্যায়ে সোনা, রুপা ও ব্রোঞ্জের জন্য নম্বর যথাক্রমে ১৬, ৮ ও ৪। দক্ষিণ এশীয় পর্যায়ে এটা দ্বিগুণ, আরও বড় প্রতিযোগিতায় তা হবে তিন গুণ।

নামীদামি অনেক ক্রীড়াবিদ আজও জাতীয় ক্রীড়া পুরস্কার পাননি। কেউ তাঁদের কথা বলে না। এই মানুষগুলো সবার আড়ালে দীর্ঘশ্বাস ফেলেন।

উল্টো ঘটনাও আছে। তদবিরের জোরে অনেকেই পেয়ে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। কেউ হয়তো কিছুদিন খেলেছেন। কিন্তু খেলা মানেই তো আর দেশের ক্রীড়ায় অবদান রাখা নয়। জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয় ঠিক এই ‘অবদান’ শব্দটাকে প্রতিপাদ্য করেই।

অথচ বলার মতো অবদান ছাড়া, জাতীয় প্রতিযোগিতায় সেরা না হয়েও ক্রীড়া পুরস্কার পেয়েছেন অনেকে। সাম্প্রতিক বছরগুলোয় অনেক পুরস্কারই উঠেছে অপেক্ষাকৃত কম যোগ্য প্রার্থীদের গলায়। যাঁদের আগে আরও অনেকের পাওয়া উচিত ছিল। তাই জাতীয় ক্রীড়া পুরস্কার সাম্প্রতিক সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার।

একটা অঘোষিত ‘নীতিমালা’ অবশ্য সব সময়ই ছিল। কিন্তু সেসব মানা হতো না। যাঁরা যখন ক্ষমতায় আসেন, তাঁদের প্রিয়ভাজনদের পুরস্কৃত করেন বেশি। এটাই এ দেশে অলিখিত রীতি হয়ে গেছে। তবে বর্তমান সরকারের সমর্থক সংগঠক হারুনুর রশিদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায়রা একটি ‘নীতিমালার’ জন্য সরকারি মহলে দৌড়ঝাঁপ করছিলেন বেশ কয়েক বছর আগেই। বছর দু-এক আগে তাঁদের নিয়ে একটি কমিটি করা হয়, যেটির নেতৃত্বে যুব ও ক্রীড়াসচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। কমিটি অবশেষে একটা ‌‘নীতিমালা’ পেশ করতে চলেছে।

এখনো এটি আনুষ্ঠানিক ঘোষণা করেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগেও করত না। তাই বলে কাজ থেমে নেই। ভেতরে-ভেতরে নতুন নীতিমালার আলোকেই ২০১৩-১৫ সালের পুরস্কার চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। পুরস্কারের জন্য জমা পড়া একগাদা আবেদন নিয়ে আজ সভায় বসছে বাদল রায়, শেখ আসলাম, কামরুন নাহার ডানাসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত বাছাই কমিটি। সরকারের আগ্রহে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও রাখা হয়েছে এখানে!

বাছাই কমিটি আগেও ছিল। কিন্তু কেউ দরখাস্ত করেই ব্যক্তিগত যোগাযোগে পুরস্কারও পেয়ে যেতেন। তবে নতুন নীতিমালায় সেটা কঠিনই মনে হচ্ছে। যেখানে বলা হয়েছে, অন্তত সাত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা বাধ্যতামূলক। জাতীয় দলে কমপক্ষে পাঁচ বছর অথবা দেশের হয়ে কমপক্ষে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। ব্যক্তিগত ইভেন্টে অন্তত একটি আন্তর্জাতিক সোনা বা দুটি রুপা বা তিনটি ব্রোঞ্জ জেতা আবশ্যক।

এসব পদকের জন্য থাকবে নম্বরও। জাতীয় পর্যায়ে প্রতিটি সোনার ‘মূল্যমান’ ১৬, রুপা ৮, ব্রোঞ্জ ৪। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কোনো প্রতিযোগিতায় পদক পেলে নম্বরটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ সোনার মূল্য ৩২ নম্বর। আরও বড় আসরে ওটা হবে তিন গুণ। এক সোনায় ৯০ নম্বর!

সংগঠকদের জন্য ফেডারেশনে কমপক্ষে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা চাই। অনেক সংগঠকই এর চেয়ে কম সময় ফেডারেশনে কাটিয়ে শুধু চা-নাশতা আর বিদেশ ভ্রমণ করে ফাঁকতালে পুরস্কার পেয়ে যাচ্ছেন। এখানে তাঁদের ‘অবদান’ কী, তা নিয়ে প্রশ্ন আছে। ওদিকে কোচ, আম্পায়ার, রেফারি, জুরি, জাজদেরও জাতীয় ক্রীড়ায় ১০ বছরের অবদান বিবেচিত হবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পুরস্কার পাবে অন্তত পাঁচ বছরের অবদানে। ব্যক্তিগত বা দলীয় মনোনয়ন পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, দালিলিক প্রমাণাদিও দেওয়া আবশ্যক।

সর্বশেষ একটা নীতিমালা করতে পেরে কমিটির সদস্য বাদল রায়ের মুখে যেন একটা ‘যুদ্ধ’ জয়ের হাসি, ‘মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই নীতিমালা অনুমোদন করে দিয়েছেন। অনেক চেষ্টার পর আমাদের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হয়েছে। আশা করছি, এটা ক্রীড়াঙ্গনে ভালো ফল আনবে। যোগ্যদের স্বীকৃতি দেবে।’

নীতিমালা তো করাই যায়, তবে বড় প্রশ্ন এসব বাস্তবায়ন হবে তো? এ দেশে নিয়ম ভাঙার সংস্কৃতি যে অনেক পুরোনো!