দরদইয়ের পর আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার নিচের দিকের ৮টি ক্লাব দল নিয়ে এএফসি প্রেসিডেন্টস কাপ শুরু হয়েছিল ২০০৫ সালে। তিন গ্রুপে ভাগ হয়ে বর্তমানে খেলছে ১১টি দল। পঞ্চম আসরের একটি গ্রুপের খেলা হয়েছিল ঢাকায়। ষষ্ঠ আসরেও তাই। এবার ঢাকায় হচ্ছে ‘বি’ গ্রুপের খেলা। এবং সেটা আবাহনীর সৌজন্যে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু পাঁচ দিনের প্রতিযোগিতায় শীর্ষ বাছাই আগের পাঁচটি প্রেসিডেন্টস কাপের দুটিতে চ্যাম্পিয়ন কিরগিজস্তানের দরদই বিশকেক ডায়নামেনা। ২০০৬ ও ২০০৭ সালে তারা চ্যাম্পিয়ন। বলার মতো তথ্য আরেকটি—টুর্নামেন্টের সব কটি ফাইনালেই খেলেছে দরদই।এবার নিয়ে তৃতীয়বার অংশ নেওয়া আবাহনী লিমিটেড দ্বিতীয় বাছাই। ঘরের মাঠে খেলার সুবিধাটা তারা পাচ্ছে। কাগজ-কলমের হিসাবে নবাগত নেপালের নিউ রোড তৃতীয় বাছাই এবং আরেক নবাগত চীনা তাইপের হাসুস সবার নিচে।উদ্বোধনী দিনে আবাহনীর প্রতিপক্ষ নিউ রোড। ম্যাচটি শুরু সন্ধ্যা ৭টায়। বিকেল চারটায় মুখোমুখি হবে দরদই-হাসুস।দরদইয়ের শক্তির দিকটা কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের অনুশীলনে বোঝা গেল। প্রচণ্ড গরমের মধ্যে তারা ‘সেটপিচ’ অনুশীলন বেশি করে গেল। খেলোয়াড়দের গড় উচ্চতা হবে ছয় ফুটের মতো। হেডে বিপজ্জনক। তা দেখে অবশ্য ঘাবড়ালেন না অনুশীলন দেখতে আসা আয়োজক দল আবাহনীর ম্যানেজার সত্যজিত্ দাস (রুপু), ‘লম্বা হওয়ার কারণে ওরা এয়ারে বেশি খেলবে মনে হয়। তবে আমরা এটা নিয়ে কাজ করব।’ এর পরই তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস, ‘ওদের ব্লক করে দিতে পারলে গ্রাউন্ডে গোল করা কঠিন হবে।’শেষ বিকেলেও এখন যথেষ্ট রোদ থাকছে। দরদই তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে তাই গরমের মধ্যেই। ১৬ মে শেষ দিনে সন্ধ্যা ৭টায় দলটির সামনে দাঁড়াবে আবাহনী। অন্যদিকে আবাহনীর সব ম্যাচই সন্ধ্যা ৭টায় ফ্লাডলাইটে। গরমে প্রথম দুটি ম্যাচে দরদই একটু ক্লান্ত হয়ে পড়লে সেই সুযোগ নিতে চায় স্বাগতিক দল।দরদইয়ের রুশ কোচ সার্গেই ডুরিয়ানকেভ জানালেন, তাঁর দলে একজন রুশ স্ট্রাইকার ও একজন রুশ মিডফিল্ডার আছেন। একজন ঘানাইয়ান স্ট্রাইকারও আছেন, তিনি অবশ্য কিরগিজস্তানের নাগরিকত্ব পেয়েছেন। দলটিতে সে দেশের জাতীয় দলের খেলোয়াড়ের সংখ্যা ৮-১০ জন। স্থানীয় লিগে তারা চ্যাম্পিয়ন টানা ছয়বার।প্রুপ পর্বে চ্যাম্পিয়ন তো বটেই, টুর্নামেন্টেই দরদইয়ের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তিন গ্রুপের তিন সেরার সঙ্গে সেরা রানার্সআপ দল যাবে চূড়ান্তপর্বে। গতবার আর একটি গোল করতে পারলে সেরা রানার্সআপ হয়ে আবাহনী যেতে পারত ওই পর্বে। দরদইকে সবার ওপরে রাখলে এরপর কাদের সম্ভাবনা? দরদই কোচ বললেন, ‘আমরা সবার ওপরে। তারপর আবাহনী। স্বাগতিক হিসেবে তারা বাড়তি সুবিধা পাবে। নেপালের দলটি তৃতীয় আর সবার নিচে রাখব তাইপের দলটিকে।’ নেপালের নিউ রোড দলটি কেমন? গত এসএ গেমসের দলের সঙ্গে ঢাকা আসা কোচ ইয়োম্বর ইনজ দলকে মাঝামাঝি একটা অবস্থানে রাখলেন, ‘আমরা ব্যালান্সড টিম। খুব ভালো নই, খুব খারাপও নই। ফয়োয়ার্ড ও রক্ষণভাগ মাঝমাঠের চেয়ে ভালো। ৪-৪-২ পদ্ধতিতে আমরা খেলি। দলে একজন ড্যানিশ খেলোয়াড় আছে।’চীনা তাইপের হাসুস দলটির খেলোয়াড়েরা তরুণ ও শারীরিক গড়নে ছোট। কোচ চাও জুং এই দল নিয়ে তেমন কিছুই আশা করছেন না, ‘আমরা চাইব ভালো খেলতে। তবে আমাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। জাতীয় দলের পাঁচজন খেলোয়াড় আছে এই দলে। ছেলেদের বলেছি, খেলা নিয়ে টেনশন না করে উপভোগ করতে।’আবাহনীর উপভোগ করার উপায় নেই। দুই বিদেশি কোটায় ডিফেন্ডার সামাদ ইউসুফ আর স্ট্রাইকার আউডু ইব্রাহিমকে নিয়ে এবার নিজেদের মাঠে মরিয়া লড়াই দিতে তৈরি হতে হচ্ছে তাদের। প্রতিযোগিতার মঞ্চে কেমন করবে, সেটাই দেখার অপেক্ষা।