দর্শক আনতে সপ্তাহান্তে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নয়টি দলের পেশাদার ফুটবল লিগে একটি দল ম্যাচ পাবে মাত্র ১৬টি। গোটা মৌসুমে অন্তত ৪০-৪৫টি ম্যাচ খেলা দরকার প্রতিটি দলের। কিন্তু এবার সব মিলিয়ে ৩০টি ম্যাচও পাবে না দলগুলো। মৌসুমটা তাই তুলনামূলক ছোটই হয়ে যাচ্ছে।গতবার ১১ দলের লিগে ম্যাচ ছিল ১১০টি। এবার কথা ছিল ১০ দলের লিগ হবে। কিন্তু শেষ সময়ে সরে দাঁড়ায় নবাগত কক্স সিটি। তাই নয় দলের লিগে ম্যাচ হচ্ছে মাত্র ৭০টি। এমন অবস্থায় লিগ শুরু হচ্ছে ১৩ নভেম্বর। আর তাতে থাকছে বড় একটা চমকই। ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সপ্তাহে খেলা হবে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার। প্রয়োজনে কোনো কোনো সপ্তাহে বুধবারও খেলা হবে।পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী একে মাঠে দর্শক আনার দাওয়াই বলছেন। ইউরোপে লিগের খেলা হয় মূলত শনি ও রোববার। ইউরোপের সেই ‘উইকএন্ড’ তত্ত্ব এবার বাংলাদেশে চালুর পেছনে সালামের যুক্তি, ‘দর্শকের কথা ভেবেই আমরা সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবারে খেলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে কোনো কোনো সপ্তাহে বুধবারেও খেলা হবে। অনেক সময় ইচ্ছা থাকলেও মানুষ মাঠে আসতে পারে না ব্যক্তিগত ব্যস্ততায়। আমাদের বিশ্বাস, এই পদ্ধতি চালু করলে মাঠে দর্শক বাড়বে। আমরা ম্যাচ শুরু করব বিকেল সাড়ে চারটায়।’এই নিয়মে একটি দল মাসে ম্যাচ পাবে মাত্র চারটি। নয়টি দল হওয়ায় একটি দল প্রতি সপ্তাহে বিরতি পাবে। তার ওপর অনির্ধারিত বিরতি তো আছেই। নানা অজুহাতে কতবার খেলা বন্ধ হবে কে জানে! সব মিলিয়ে দলগুলো লম্বা লম্বা বিরতি নিয়ে বসে থাকবে। অবশ্য গতবার একটি ম্যাচ খেলে ২০-২২ দিনও বসে ছিল দলগুলো।ইউরোপে লিগের পাশাপাশি অনেক টুর্নামেন্ট আছে। সে ক্ষেত্রে এক দলের ম্যাচ মাসে আট-দশটি বা তারও বেশি হয়ে যায়। বাংলাদেশে স্বাধীনতা কাপ ও সুপার কাপ আছে বাফুফের বর্ষপঞ্জিতে। কিন্তু কোটি টাকার সুপার কাপ শেষ পর্যন্ত বাফুফে করবে কি না সংশয় থাকছেই। কারণ নানা ফাঁকফোকর খুঁজে গতবার এটি করা হয়নি। গতবার স্বাধীনতা কাপও আয়োজিত হয়নি। এবার টুর্নামেন্ট দুটি হলেও কি বাফুফে পর্যাপ্ত ম্যাচ দিচ্ছে ক্লাবগুলোকে? সপ্তাহে তিন দিন খেলা রাখার ব্যাপারটিকেই বা কীভাবে নিচ্ছেন—জানতে চাইলে সদ্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের কোচ মারুফুল হক এবারের লিগকে লিগ বলতেই রাজি হননি। তাঁর বক্তব্য, ‘মাত্র ১৬টি ম্যাচ। এটা আসলে লিগ নয়। একটা টুর্নামেন্ট।’ তাঁর পরামর্শ, ‘প্রয়োজনে তিন রাউন্ড লিগ করা উচিত। অনেক দেশেই তিন রাউন্ডের লিগ হচ্ছে। তা হলে একটি দল ২৪টি ম্যাচ পাবে। সেটা হলে কিছুটা হলেও লিগের আমেজ পাওয়া যাবে।’ সপ্তাহে তিন দিন খেলার তত্ত্বটাও তাঁর কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয়, ‘সাত দিন নয়, চার-পাঁচ দিনের বিরতি দিয়ে ম্যাচ হওয়া উচিত। দল কম হওয়ায় লিগটাকে আসলে টেনে বড় করছে ফেডারেশন।’সপ্তাহে এক ম্যাচ তত্ত্বকে খারাপ চোখে দেখছেন না ফুটবলার আমিনুল, ‘এটা খেলোয়াড়দের জন্য ভালোই হবে। রিকভারির সময় পাওয়া যাবে।’ তবে ম্যাচ কমে যাওয়া নিয়ে তাঁরও আছে হতাশা, ‘দলগুলোকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত ফেডারেশনের।’