দর্শক টানতে পারছে না বিপিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুতেই দর্শক টানতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রায় দর্শকবিহীন উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের লড়াইয়েও দর্শক টানতে পারেনি বিপিএল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম অনেকটাই দর্শকশূন্য। টিকিটের দাম কমানোর পরও প্রথমবারের মতো আয়োজিত প্রায় দর্শকবিহীন এই প্রতিযোগিতা একধরনের অশনি সংকেতও বটে।আইপিএলের মতো তারকা খচিত হয়তো নয়, কিন্তু বিপিএলে যে তারকারা খেলছেন, খ্যাতির বিচারে তাঁরাও একেবারে কম যান না। পাশাপাশি আমাদের দেশি তারকারা যেখানে খেলছেন, সেখানে দর্শক না আসার কারণ কারোরই মাথায় আসছে না।গতকালের দুটি ম্যাচে দর্শক কিছুটা এলেও আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ অনেকটাই ফাঁকা। অথচ চিটাগাং কিংস ও খুলনা রয়েল বেঙ্গলসে খেলছেন মুত্তিয়া মুরালিধরন, শিবনারায়ণ চন্দরপল, হার্শেল গিবস, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন স্মিথের মতো ক্রিকেট জগতের অতি পরিচিত তারকারা। যদিও খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে তামিম ইকবাল খেলছেন না, কিন্তু সাকিব-তামিম লড়াইয়ের হাতছানিও দর্শকের জন্য আকর্ষণীয় হয়ে দেখা দেয়নি!আজকের ম্যাচে (খুলনা বনাম চট্টগ্রাম) স্টেডিয়ামে দর্শক উপস্থিতি যে কারও মন খারাপ করে দিতে বাধ্য। পূর্ব গ্যালারিতে কিছু দর্শক থাকলেও স্টেডিয়ামের বাকি অংশে দর্শকের চেয়ে চেয়ারের রংটাই চোখে বেশি করে লাগছে। দর্শক অনুপস্থিতির কারণ হিসেবে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের কথা বলছেন অনেকে। অনেকে আবার টিকিটের দামকে এর কারণ হিসেবে অভিহিত করেছেন। প্রথমে বিপিএলের ম্যাচগুলোর সর্বনিম্ন টিকিটের দাম ৫০০ টাকা নির্ধারিত হলেও পরে তা কমিয়ে ২০০ টাকা করা হয়। এই পুনর্নিধারিত মূল্যকেও অনেকে বেশি হিসেবে মনে করছেন। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটের বেশির ভাগ দর্শক ছাত্র-তরুণ হওয়ায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের পক্ষে যাতায়াত, খাওয়া-দাওয়াসহ একটি খেলার জন্য ৫০০-৬০০ টাকা খরচ একটু বেশিই হয়ে যায়। টিকিটের দাম একটি কারণ হতে পারে, তবে সব নয়। বিপিএলের খেলা আন্তর্জাতিক ক্রিকেট দেখে অভ্যস্ত রাজধানী ঢাকার দর্শকদের চেয়ে অন্যান্য বিভাগীয় শহরেই দর্শক সমাবেশ বেশি ঘটাত বলে অনেকের অভিমত। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী অথবা বগুড়া কিংবা খুলনা, সিলেট, বরিশালে বিপিএল আয়োজিত হলে দর্শকের জন্য এমন হাহাকার করতে হতো না।