দর্শক-দুয়োতেই দুরন্ত শ্রীশান্ত
মনে হতে পারে কথাটা কোনো মনীষী বলেছেন, যা হতে পারে আপামর মানুষেরই দর্শন।‘আমাকে একা থাকতে দিন, আমি হয়তো কিছু একটা করব। কিন্তু যখন আপনি বলবেন, আমি কিছু পারি না, আমি তখন আমার সেরাটাই দিব। বলতে পারেন ভালোর চেয়েও ভালো কিছু’—কোনো মনীষী-টনীষী নয়, ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিন শেষে এই কথা ভারতের পেসার শ্রীশান্তের।ক্রিকেটের ‘ব্যাড বয়’ শ্রীশান্ত, এখন শুধু ‘গুড বোলার’ই নয়, ‘গুড বয়’ হয়ে ওঠার লক্ষণও দেখা যাচ্ছে তাঁর মধ্যে। নইলে কিছু হলেই তেড়ে যাওয়ার অভ্যাস যাঁর, সেই জেদি তরুণই কিনা ইতিবাচক রসদ খুঁজে নিলেন ট্রেন্টব্রিজের দর্শকদের দুয়ো থেকে! ‘...ওই দর্শকদের ধন্যবাদ, যারা চিৎকার করে আমাকে উজ্জীবিত করেছে’—বলছিলেন শ্রীশান্ত।৩ উইকেট করে পেয়েছেন অন্য দুই পেসার প্রাভিন কুমার ও ইশান্ত শর্মাও। এঁদের মধ্যে আবার আম্পায়ারের সঙ্গে তর্ক বাধিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও গুনতে হচ্ছে প্রাভিনকে। তবে শ্রীশান্তের ৩ উইকেটে আছে বদলে যাওয়ার আভাস। লাইন-লেংথ-গতি—সবকিছুই আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত। পরশু টেস্টের প্রথম দিন শেষে সেটার আরও একটা কারণ জানালেন তিনি, ‘বল করার সময় অনেক কিছু চেষ্টা করে দেখার একটা অভ্যাস আছে আমার। এবার সেসব কিছুই করিনি। কঠোর অনুশীলন করেছি এবং সেটাই আমাকে সাহায্য করেছে।’ ওয়েবসাইট।ওয়ারউইকশায়ারের হয়ে চার মাস কাউন্টি খেলার অভিজ্ঞতাও কিছুটা এগিয়ে দিয়েছে শ্রীশান্তকে। সেখানে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বললেন আলাদাভাবেই, ‘আমি মূলত আউটসুইং করাই। তিনি (ডোনাল্ড) আমাকে শিখিয়েছেন কীভাবে বল ভেতরে ঢোকাতে হয়। এ ছাড়া ব্যাটসম্যানের স্টান্স বুঝে কোথায় কীভাবে বল ফেলতে হবে, সেটাও বুঝিয়েছেন। ওই চারটা মাস সত্যিকার অর্থেই আমার কাজে দিয়েছে।’