দর্শক নয়, বেলুন!

মাঠে খেলা চলছে, কিন্তু গ্যালারিতে দর্শক নেই! মানুষের বদলে সেখানে হাজার হাজার বেলুন। কিন্তু হঠাৎ স্টেডিয়ামে এত বেলুন কেন? গ্রিক ক্লাব প্যানাথিনাইকোসের সমর্থকেরা কাজটা করেছেন ইচ্ছা করেই। স্টেডিয়ামের একটা অংশে দর্শক নিষিদ্ধ করার জন্যই এই অভিনব প্রতিবাদ।
ঘটনাটা গত নভেম্বরের। এথেন্সের নগরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিয়াকোসের সঙ্গে প্যানাথিনাইকোসের ডার্বি ম্যাচটি তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। দর্শকদের দাঙ্গা রুখতে পুলিশকে ছুড়তে হয়েছিল কাঁদানে গ্যাস। ১৪ জন গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু প্যানাথিনাইকোসের বেশ কয়েকজন সমর্থককে আটক করেছিল পুলিশ। পরে শাস্তিস্বরূপ প্যানাথিনাইকোসকে চারটি ম্যাচ খেলতে হয় দর্শকহীন স্টেডিয়ামে। গ্রিসের ক্রীড়ামন্ত্রী এর পর এই মৌসুমের জন্য ক্লাবের ১৩ ও ১৪ নম্বর ফটক বন্ধ ঘোষণা করেন। প্যানাথিনাইকোসের পাঁড় ভক্তরা বসতেন ওখানেই।
গ্রিক ক্লাবটির সমর্থকেরা প্রতিবাদে তাই বেলুন উড়িয়েছেন গ্যালারিতে। আত্রোমিতোসের সঙ্গে গ্রিক কাপের ম্যাচে প্যানাথিনাইকোসের ড্রয়ের সাক্ষী হলো হাজার হাজারে নিষ্প্রাণ বেলুন! এএস।