দর্শক ফেরানোর দায় আমিনুলদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দেশবাসী তোমাদের কাছ থেকে উপভোগ্য ফুটবল আশা করে। কিন্তু সেটি যেন হারিয়ে গেছে। তাই মাঠে দর্শকও কমে যাচ্ছে। মাঠে দর্শক আনতে বড় ভূমিকা তোমাদেরই। এটাই তোমাদের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া। ভালো ফুটবল অবশ্যই খেলতে হবে ফুটবলারদের। কিন্তু অনেক ফুটবলার জানেই না তার দায়িত্ব কী, কীভাবে নিজেকে তৈরি করতে হবে। এ জন্য খেলোয়াড়দের কাউন্সেলিং দরকার। তাতে শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুই একটা নিয়মের মধ্যে আনতে পারবে ফুটবলাররা। সেই সঙ্গে খেলোয়াড়দের আত্মোপলব্ধির সময় এখন।পরশু বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন ফুটবলারদের কাছে তাঁর প্রত্যাশার কথা জানিয়েছেন। সেটি পূরণ করার জন্য ফুটবলারদের করণীয়টাও মনে করিয়ে দিলেন গোলরক্ষক আমিনুল। ‘ফুটবলার-বাফুফে’ ওই মতবিনিময় সভাটা বর্তমান ফুটবলের প্রেক্ষাপটে যৌক্তিক কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফুটবলারদের নৈপুণ্য বাড়ানোর ওপর। একই সঙ্গে এসেছে পাতানো খেলা বন্ধের বিষয়টিও।সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমানে মোহামেডান কোচ শফিকুল ইসলামও বললেন, ‘ফুটবলারদের ভালো পারফর্ম করতেই হবে। যেকোনো কারণেই অনেক দিন ধরে তারকাদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স দেখছি না। ক্লাবের জন্য সব উজাড় করে দেওয়ার মানসিকতা অনেকের নেই। তা ছাড়া ভবিষ্যতে যাতে জাতীয় দলের সব খেলোয়াড় একসঙ্গে গিয়ে না ভিড়ে, সেটিও গুরুত্বপূর্ণ। শেখ জামালের এবার সাইডবেঞ্চ দিয়েই একটা জাতীয় দল হয়। ওই খেলোয়াড়েরা সুযোগই পাচ্ছে না। এই ব্যাপারটা ভাবতে হবে আমাদের।’শীর্ষস্থানীয় ফুটবলারদের পায়ের নৈপুণ্য যেন বহু বছর পর আবির্ভূত হওয়া ধূমকেতু। তাই আজ শুরু বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বটা শীর্ষস্থানীয় ফুটবলারদের কাছে নিজেদের চেনানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় সেটিই বলছেন, ‘শীর্ষস্থানীয় ফুটবলারদের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট নই। জাতীয় দলের জন্য এটা বড় এক সতর্কসংকেত। সবাইকে ডাকার উদ্দেশ্যও সেটা। আমরা ফুটবলারদের বলেছি মাঠে ভালো পারফর্ম করার জন্য।’সদ্য শেষ হওয়া স্বাধীনতা কাপ অবশ্য অন্য ইঙ্গিতও দিয়ে গেছে। সেটি হলো খেলার ধারাবাহিকতা। হঠাৎ খেলা হলে লোকে মাঠে আসে না। টানা খেলা চলতে থাকলে একটা সময় মাঠে অন্তত হাজার দশেক লোক পাওয়া যাবেই। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ জামাল ছিল না। তার পরও শেখ রাসেল-ফরাশগঞ্জ স্বাধীনতা কাপের ফাইনালে হাজার দশেক দর্শক এসেছে।ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক হয়তো তেমন চোখে পড়ে না। তবে মাঠের খেলা কিন্তু খারাপ হচ্ছে না। এই অভিমত মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হকের। তাঁর কথা, ‘বর্তমান অবস্থায় খেলার মান হয়তো ঠিকই আছে। তবে এটা আরও বাড়ানো দরকার। পাশাপাশি নতুন পরিকল্পনা, প্রয়োজনে খেলার ফরম্যাট বদল করা উচিত। এভাবে চললে একটা সময় মাঠে লোক আসবেই।’গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের চোখে সব ঠিকঠাকই চলছে। তবে যোগ করছেন তিনি, ‘এখন যথেষ্ট ভালো এবং আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল হচ্ছে। কিন্তু প্রচারের অভাবে লোকে মাঠে আসে না। প্রচারটা বাড়ানো চাই। দর্শকদের বলব, আপনারা বাংলাদেশ লিগ দেখতে মাঠে আসুন। আমরা ভালো ফুটবল খেলব।’জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম তুলে আনছেন গুরুত্বপূর্ণ একটা দিক, ‘জাতীয় দলের ম্যানেজার হয়ে সম্প্রতি মিয়ানমারে গিয়ে দেখেছি এমিলি-জাহিদরা অসাধারণ ফুটবল খেলেছে। কিন্তু দেশে ওরা ভালো খেলতে পারছে না। তবে একটা কথা বলতে চাই, কোচের অনুশীলনের বাইরে এখনকার ফুটবলাররা বেশির ভাগই বাড়তি কিছু করে না। তাহলে কী করে হবে?’সুজন, এমিলি, জাহিদরা স্বীকার করছেন শীর্ষস্থানীয় খেলোয়াড়েরা প্রত্যাশা মেটাতে অনেকটাই ব্যর্থ। বাংলাদেশ লিগের প্রথম পর্বের ১১ ম্যাচে এমিলির গোল ৩টি, সতীর্থ এনামুলের মাত্র একটি! বিদেশিদের দাপটে সাইডলাইনে চলে যাওয়া এমিলি কাল বুয়েট মাঠে দলের অনুশীলন শেষে বলছিলেন, ‘মিয়ানমারকে ওদেরই মাঠে হারিয়ে এসেছি আমরা। কিন্তু দেশে এখন সুযোগই পাচ্ছি না। বিদেশি খেলোয়াড়ে ঠাসা সব দল। এসব নিয়েও ভাবতে হবে আমাদের।’