দর্শক মাঠে আনতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ জুন বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির মধ্যেও বঙ্গবন্ধু স্টেডিয়াম পেয়েছিল হাজার চারেক দর্শক। আজ শুরু গ্রামীণফোন সুপার কাপে কি দর্শক আসবে? অবশ্য মাঠে দর্শক টানার আলাদা একটা উদ্যোগও আছে বাফুফের। প্রচার-প্রচারণা শুরুর কথা ছিল কাল থেকেই। কিন্তু হরতালের কারণে সেটি শুরু হবে আজ থেকে। ঢাকঢোল বাজিয়ে, ক্যারাভানে করে সারা শহরে প্রচারপত্র বিলি করা হবে। দর্শকদের মাঠে এসে খেলা দেখতে অনুরোধ করবেন ক্যারাভানে থাকা স্বেচ্ছাসেবীরা। সুপার কাপের টিকিটের দাম পূর্ব ও পশ্চিম গ্যালারি ৫০ টাকা, ভিআইপি গ্যালারি ১০০ টাকা।সুপার কাপের নয়টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার ধারাভাষ্য প্রচারিত হবে বাংলাদেশ বেতারের ঢাকা ‘ক’ কেন্দ্র থেকে ৬৯৩ কিলোহার্টজে এবং এফএম ৮৮.৮ মেগাহার্টজে। বেতারকেন্দ্র থেকে দুটি সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রথম সুপার কাপের ফাইনালে গ্যালারি ছিল দর্শক উপচানো। ওই ম্যাচে দর্শকদের জন্য ছিল লাকি কুপনের ব্যবস্থা। ভাগ্যবান এক দর্শক জিতেছিলেন মোটরসাইকেল। কিন্তু এবার কোনো পুরস্কারের ব্যবস্থা এখন পর্যন্ত নিশ্চিত করেনি ফেডারেশন। তবে সুপার কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ কিছু একটা করার আশায় রয়েছেন, ‘দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতে আমরা স্পনসর কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এখনো। আশা করি, একটা ব্যবস্থা করে ফেলতে পারব। দর্শক মাঠে আনতে সব রকম চেষ্টাই করব আমরা।’