দর্শকে অভিভূত খেলোয়াড়-কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণে ক্ষণে গ্যালারিভর্তি ১০ সহস্রাধিক দর্শকের উচ্ছ্বাসের রং পাল্টায়। তা কেবল চার-ছক্কা হাঁকানো কিংবা উইকেট পতনের সময়ই নয়। বরং মুশফিক-সাকিব-মাশরাফিদের বলের পেছনে দৌড়াতে দেখলেই দর্শকদের সমস্বরে উল্লাসধ্বনি মাঠ কাঁপিয়ে দেয়! রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ক্রিকেটপ্রেমী সিলেটবাসীর এ যেন এক অন্য রূপ।
রোববারের মতো কালও বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে এসে শহরতলির লাক্কাতুরা এলাকার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে উল্লাসে মেতেছিলেন সিলেটবাসী। এটি ছুঁয়ে যায় ক্রিকেটারদেরও। ৭৭ রানের বিশাল জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে বিজয়ী দলের অধিনায়ক মুশফিকুর রহিম বললেন, ‘ক্রিকেটের প্রতি সিলেটবাসীর ভালোবাসা দেখে আমরা মুগ্ধ, অভিভূত। তাদের কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি তাতে আমরা কৃতজ্ঞ। দর্শকদের ক্রিকেট-উন্মাদনায় আমরা চরমভাবে উচ্ছ্বসিত। তাই ভবিষ্যতে এই স্টেডিয়ামে দর্শকদের ধারণক্ষমতা যেন আরও বাড়ানো হয় সে ব্যাপারে উদ্যোগী হওয়া প্রয়োজন।’
যেন সিলেটবাসীর হূদয়ের কথাটিই বলেছেন মুশফিক। তাই তাঁর কথা শেষ হতে না-হতেই এ কথার সমর্থনে গ্যালারিজুড়ে শুরু হয় একাত্মতা-সূচক ‘সিলেট, সিলেট’ ধ্বনিতে স্লোগানের রব। দুই দিন ধরে দর্শকেরা অভিযোগ করে আসছিল, দুপুরের আগেই টিকিট বিক্রি শেষ হয়ে যাচ্ছে। স্টেডিয়ামের ধারণক্ষমতা কম হওয়ায় অনেক দর্শক খেলা দেখতে পারছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে দর্শক ধারণক্ষমতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।