দর্শকে লাঞ্ছিত পুলিশ
বিপিএলের ম্যাচে দায়িত্ব পালন করতে এসে দর্শকদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই পুলিশ সদস্য। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে এ ঘটনা ঘটেছে। পুলিশের ওপর চড়াও হওয়া দর্শকদের গায়ে ঢাকা ডায়নামাইটসের জার্সি ছিল।
রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের মধ্যে দিনের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর পরই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিটাগং ভাইকিংসের ড্রেসিংরুমের পাশের গ্যালারিতে বসা কিছু দর্শক রেলিংয়ের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে চাইলে নিরাপত্তার কারণে পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দর্শকেরা তাঁদের ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একজন দর্শকের নেওয়া একটি ভিডিও ফুটেজেও তা-ই দেখা গেছে। ওই ম্যাচের পরই ছিল ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানসের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
উচ্ছৃঙ্খল দর্শকদের হাতে পুলিশের দুজন সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তাও। বিসিবির কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দায়িত্ব পালনের সময় সহকর্মীর লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশ সদস্যরা। দুই ম্যাচের মাঝে তাঁরা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে জড়ো হন। একপর্যায়ে খেলায় আর দায়িত্ব পালন করতেও অস্বীকৃতি জানান। এ সময় ১৫-১৬ মিনিটের মতো নিষ্ক্রিয় ছিল পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরে নিজেদের অবস্থান থেকে সরে এসে সবাই দায়িত্বে ফিরে যান।
এ ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেছেন, ‘বিষয়টি ভুল-বোঝাবুঝি ছিল।’ তবে ঘটনার পর পুলিশ কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেছেন। বিষয়টি নিয়ে তাঁরা কথা বলেছেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গেও। বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক মুঠোফোনে জানিয়েছেন, ‘এটা দর্শকদের সঙ্গে পুলিশের একটা ভুল-বোঝাবুঝি। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি বিসিবি এবং পুলিশ, দুই পক্ষ থেকেই তদন্ত করে দেখা হবে।’