দর্শকের বিশ্ব রেকর্ড দেখল মেলবোর্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকের বিশ্ব রেকর্ড! আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো এমসিজির স্কোরবোর্ডে
দর্শকের বিশ্ব রেকর্ড! আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো এমসিজির স্কোরবোর্ডে

টি-টোয়েন্টির উত্তেজনা, ছয়-চারের ফুলঝুরির প্রভাবে নাকি রং হারিয়েছে টেস্ট ক্রিকেট। দর্শকস্বল্পতা আর টেলিভিশন স্বত্বের দোহাই তুলে বারবার পেছানো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু টেস্ট ক্রিকেট জনপ্রিয়তা হারাচ্ছে—সেটা কেউই বিশ্বাস করতে চাইবেন না মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজে) দিকে তাকালে। আজ অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে মাঠে এসে খেলা দেখেছেন ৯১ হাজারেরও বেশি দর্শক। এটাই এমসিজের সর্বোচ্চ দর্শক সমাগমের নতুন রেকর্ড।
স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ইলেকট্রিক স্কোরবোর্ডে ভেসে উঠেছিল সংখ্যাটা। ৯১০৯২। এক দিনে সর্বোচ্চ দর্শক সমাগমের নতুন রেকর্ডটার কথা এভাবেই ঘোষণা করেছিল এমসিজে কর্তৃপক্ষ। এর আগে ১৯৬০-৬১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্টটির দ্বিতীয় দিনে এই স্টেডিয়ামে এসেছিলেন ৯০ হাজার ৮০০ জন দর্শক। সেটাই ছিল ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি দর্শকের বিশ্ব রেকর্ড।
১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার এই এমসিজে স্টেডিয়ামেই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের যাত্রা। ঐতিহাসিক এ স্টেডিয়ামটি যে এখনো ক্রিকেটপ্রেমীদের জন্য তীর্থস্থান, সেটাই নতুনভাবে প্রমাণ করল আজকের এ রেকর্ডটি। এ দিনটি আগামীতে পুরো ক্রীড়াবিশ্বের জন্যই স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এমসিসির প্রধান নির্বাহী স্টিফেন গফ, ‘টেস্ট ম্যাচের এক দিনে সবচেয়ে বেশি দর্শকের নতুন রেকর্ডটা টেস্ট ক্রিকেটের জন্মস্থানেই বেশি মানায়। এই সাফল্যের জন্য আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাচ্ছি। বক্সিং ডে টেস্টটাকে এরকম একটা রেকর্ডগড়া ইভেন্টে পরিণত করতে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
বক্সিং ডে টেস্টটা মেলবোর্নবাসীর স্মৃতিতেও দীর্ঘদিনই থাকবে বলে মন্তব্য করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘আগামী বছরগুলোতেও মেলবোর্নবাসী এই বক্সিং ডে স্মরণে রাখবে। কারণ এই দিনেই তাদের শহর গড়েছে ক্রীড়া ইতিহাস।’
কোনো টেস্ট ম্যাচের এক দিনে কলকাতার ইডেন গার্ডেনেও বেশ কয়েকবার দেখা গেছে বিপুল পরিমাণ দর্শক সমাগম। কারও কারও অনুমান, সেটা এমসিজের এই কীর্তিকেও ছাড়িয়ে যাবে। কিন্তু সেগুলো কখনোই আনুষ্ঠানিকভাবে হিসাব করা হয়নি। ক্রিকইনফো।