গত পরশুর ঘটনা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে লুঙ্গি পরা এক মাঝবয়সী দর্শক বেরোলেন রাগে গজগজ করতে করতে। কথায় পুরান ঢাকার টান, ‘পকেটের ট্যাকা খরচ করছি তোমাগো এই পাতানো খেলা দেখার লাইগ্যা!’পাতানো খেলায় দর্শকের প্রতারিত হওয়ার ক্ষোভ আবার তীব্রভাবে জাগিয়ে তুলল শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটা। চলমান বাংলাদেশ লিগে শিরোপার সবচেয়ে বড় দাবিদার নবাগত শেখ জামাল, তাদের চ্যাম্পিয়ন করার জন্য তিন পয়েন্ট ছেড়ে দিয়েছে রহমতগঞ্জ—এ ধারণাই প্রতিষ্ঠা পেয়েছে দর্শকদের কাছে। সাবেক ফুটবলার, কোচসহ মাঠে উপস্থিত অন্য সবারও একই মত।এ নিয়ে কাল বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে বাফুফেতে ফোন করা হয়েছে। বাফুফের দু-তিনজন কর্মকর্তা বললেন, ‘প্রেসিডেন্ট সাহেব উদ্যোগ নিলে কিছু হবে। নইলে অভিযোগেই সব শেষ।’ সাবেক স্ট্রাইকার ও বাফুফের অন্যতম সদস্য শেখ আসলাম পরশুর ম্যাচ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট দেখে যারপরনাই হতাশ এবং ব্যথিত, ‘এসব নিয়ে কথা বলে লাভ নেই। তবে চাইব, এই অনাচার বন্ধ হোক।’বন্ধ করবে কে? সরষের ভেতরেই যে ভূত! সারা বিশ্বেই পাতানো খেলা হয়। কিন্তু বাংলাদেশ যেখানে ব্যতিক্রম, তা হলো এখানে কোনো শাস্তি হয় না। অথচ বিশ্ব ফুটবলে পাতানো খেলার জন্য পয়েন্ট কেড়ে নেওয়া থেকে শুরু করে অবনমন তো বটেই, জেল-জরিমানা পর্যন্ত হয়। যুদ্ধাপরাধের মতো পাতানো খেলার শাস্তিরও কোনো সময়সীমা নেই। যত দিন পরেই প্রমাণিত হোক না কেন, শাস্তি হবেই। শুধু বাংলাদেশেই দর্শকদের সঙ্গে এই প্রতারণার কোনো শাস্তি নেই।আড়ালে-আবডালে ‘পাতানো খেলা হচ্ছে’ বলে সবাই স্বীকার করে। কিন্তু কেউই সোচ্চার নয়। নিজের গায়েই যে গন্ধ আছে! এ দেশে এমন ক্লাব নেই, যারা বুকে হাত দিয়ে বলতে পারে পাতানো খেলা খেলেনি। এবার অবশ্য পরিস্থিতি একটু ভালো—গত ১০-১২ বছরের তুলনায় পাতানো খেলা কমেছে। মোহামেডান কোচ শফিকুল ইসলামের চোখে সংখ্যাটা, ‘শতকরা পাঁচ ভাগেরও কম।’কিন্তু তার পরও সত্যটা হলো, পাতানো খেলা বন্ধ হয়নি। অতীতের ধারাবাহিকতায় এখনো চ্যাম্পিয়ন হওয়ার জন্য পাতানো খেলা খেলছে, চলছে অবনমন বাঁচাতে। চট্টগ্রাম মোহামেডানের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের দাবি আবার অন্য রকম, ‘আমরা পাতানো খেলি না। তবে শুনছি, ঢাকার বাইরের দলগুলোকে অবনমিত করতে ঢাকার দলগুলো এক হয়েছে।’চলমান লিগে পাঁচ-ছয়টি ম্যাচ সন্দেহের তালিকায়—দুই পর্বেই শেখ জামাল-রহমতগঞ্জ এবং ফিরতি পর্বে ফরাশগঞ্জ-আরামবাগ, ব্রাদার্স-ফরাশগঞ্জ, রহমতগঞ্জ-চট্টগ্রাম মোহামেডান। কক্সবাজারে শেখ জামাল-চট্টগ্রাম মোহামেডান ম্যাচটিও সন্দেহের ঊর্ধ্বে নয় অনেকের চোখে।গতবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা আবাহনী। দলটির খেলোয়াড়েরাই রসিকতা করে বলতেন, ‘এত টাকা দিল ক্লাব, এখন তো দেখি খেলতেই হচ্ছে না!’ আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস অবশ্য বরাবরই এটি অস্বীকার করে এসেছেন, ‘এসব ফালতু কথা। আমরা পাতানো ম্যাচ খেলি না। মাঠে খেলেই চ্যাম্পিয়ন হয়েছি।’আবাহনী এবার অভিযোগমুক্ত। আরেক প্রধান মোহামেডানও তা-ই। তবে অতীতে মোহামেডানও প্রয়োজনমতো পাতানো খেলেছে বলে অভিযোগ আছে। এক সমর্থক মজা করে বললেন, এবার আমরা আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছি, পাতানো খেলে কী লাভ! শেখ জামাল এবারের লিগে শিরোপার এক নম্বর দাবিদার, ঐতিহ্য অনুযায়ী অভিযোগটা তাদের বিরুদ্ধেই বেশি। নবাগত ক্লাবটির সভাপতি মনজুর কাদের মৌসুম শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘আমরা পাতানো ম্যাচ খেলব না।’ কিন্তু তাঁর দলের বিরুদ্ধে ঠিকই অভিযোগ উঠেছে। সুস্পষ্ট অভিযোগ দুটি এবং দুটিই লিগের দুই পর্বে রহমতঞ্জের বিপক্ষে। প্রথম পর্বের ম্যাচটি নিয়ে বাফুফের সভায় আলোচনা পর্যন্ত হয়েছে।অভিযোগটা যথারীতি নাকচ করছেন মনজুর কাদের, ‘আমরা এত টাকা দিয়ে টিম করে কেন পাতানো খেলব? মাঠে খেলেই জিতেছি।’ তা মাঠে খেলেই জিততে পারে তারকাসমৃদ্ধ শেখ জামাল। কিন্তু শোনা যাচ্ছে, শিরোপা ঘরে তুলতে বাকি দুটি ম্যাচের একটির (ব্রাদার্স) ৩ পয়েন্ট নাকি ‘নিশ্চিত’ হয়ে গেছে। মনজুর কাদেরের দাবি, ‘এসব কথা আমাদের বিরোধীরা ছড়ায়।’রহমতগঞ্জের গায়ে এবার কালিটা বেশি পড়েছে বলে ক্লাবটির সাধারণ সম্পাদক টিপু সুলতানের বড় আক্ষেপ, ‘কেন যে এসব কথা উঠছে ভাই, বুঝতে পারছি না। আমি এবং আমার ক্লাব প্রেসিডেন্ট এসব পছন্দ করি না।’ সম্পূরক প্রশ্নে টিপুর উত্তর, ‘আমাদের ফুটবল সেক্রেটারি কালা ভাইয়ের (সালাউদ্দিন কালা) সঙ্গে শেখ জামাল ক্লাবের প্রেসিডেন্টের খাতির আছে। ওই লাইনে কিছু হয়েছে কিনা জানি না, হলেও হতে পারে।’ গত পরশু শেখ জামালের সঙ্গে ম্যাচের পর সালাউদ্দিন কালা পাতানো ম্যাচের সন্দেহ প্রসঙ্গে বলেছিলেন, ‘অন্য অ্যাঙ্গেলে হলেও হতে পারে। আমার জানা নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ফুটবলারের সন্দেহ, ‘আরামবাগ কর্মকর্তাদের কথা শুনে মনে হয়েছে, তারা মুক্তিযোদ্ধাকে ম্যাচ ছেড়ে দিয়েছে।’ মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তার অস্বীকার করলেন, ‘এসবের ধারেকাছেও নেই আমরা।’ অস্বীকার করেছেন আরামবাগের কর্মকর্তা গোলাম মোহাম্মদ আলমগীরও।প্রচারণা আছে, অবনমন অঞ্চলে থাকা ফরাশগঞ্জকে ছেড়ে দিয়েছে ব্রাদার্স। ম্যাচটা ‘নীরবে’ খেলার জন্যই নাকি দুই দল বেছে নিয়েছিল কমলাপুর স্টেডিয়াম। ব্রাদার্স ম্যানেজার আমের খান এমন অভিযোগ উড়িয়ে দিতে চাইলেন। ফরাশগঞ্জ কোচ কামাল বাবুও তা-ই।অস্বীকারই করেন সবাই। কিন্তু ‘পাতানো খেলা হচ্ছে না’—এই দাবি করার সাহস কারোর নেই। ঢাকার ফুটবলে দর্শক-খরার সবচেয়ে বড় কারণ এই পাতানো খেলা। ফুটবল দেখতে এসে প্রতারিত হওয়ার কি দায় পড়েছে দর্শকদের!