প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকির দলবদল শুরু হবে ২৪ জানুয়ারি। কিন্তু এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের যুগ্ম চ্যাম্পিয়ন উষা ক্রীড়াচক্র। এবার তারা দলে টেনেছে জাতীয় দলের খেলোয়াড় মিমো, নিলয়, বাবু, সারোয়ার, ইমন, কৃষ্ণ, নাঈম, রাতুল ও নিপ্পনকে। উষা ক্রীড়াচক্রের কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল কাল বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘আমরা এরই মধ্যে মিমো, নিলয় ও সারোয়ারের শতভাগ পারিশ্রমিক দিয়েছি। বাকিদেরও ৭০ ভাগ টাকা দেওয়া হয়েছে। গত দুই মৌসুম খেলা হয়নি বলে এবার আমরা বেশি শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছি।’
দল গোছানোর পাশাপাশি উষা এবার ইউরোপীয় (ক্রোয়েশীয়) ট্রেনার টনি ব্রাঞ্জেসকে নিয়োগ দেওয়াটা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আলাদাভাবে ফিজিও বা ট্রেনার নিয়োগ দিতে বাংলাদেশের হকি ক্লাবগুলোর মধ্যে প্রায়ই একটা উদাসীনতা লক্ষ করা যায়। এবার এই দিক দিয়েও এগিয়ে রয়েছে উষা।