দল ঘোষণা নিয়ে সমালোচনায় আকরাম
দল নির্বাচনের আগে নির্বাচকেরা কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করবেন, এটাই রীতি। কিন্তু অভিযোগ উঠেছে, সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল ঘোষণার আগে কারও সঙ্গেই আলোচনা করা হয়নি! এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে আকরাম বলেন, কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা ছাড়াই দল ঘোষণা কৌতুক ছাড়া আর কিছুই নয়। প্রতিযোগিতায় কাদের প্রয়োজন, এটা এই দুজনই সবচেয়ে ভালো জানেন। অথচ নিজেদের মনের মতো করে দল ঘোষণা করে দিয়েছেন নির্বাচকেরা।পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি যদি প্রধান নির্বাচক হতাম, যেকোনো দল ঘোষণার আগে কোচ ও অধিনায়কের মতামত নিতাম। বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। অন্য দলগুলো যেখানে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে, আমরা সেখানে দল নিয়ে লুকোচুরি খেলছি। এটা পিসিবির বর্তমান প্রশাসনের ব্যর্থতার ফসল।’