দল ঘোষণার আগে-পরে
বয়স আঠারো হয়নি। তবে ছিমছাম দীর্ঘ দেহে পেসার ভাবটা আছে। শান্ত-স্থির মুখাবয়বে ধরা পড়ে প্রতিজ্ঞা। কাল শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের দরজায় দাঁড়িয়ে বলছিলেনও, ‘সুযোগ পেলে জাতীয় দলে থাকতেই চাইব। একবার দলে ঢুকেই হারিয়ে যেতে চাই না।’তাসকিন আহমেদ কথাগুলো বলার ঘণ্টা খানেক পর ঘোষিত হয়েছে প্রথম টেস্টের দল। তাতে না থাকলেও ২২ জনের প্রাথমিক দলে থাকায় আগের চারটা দিন তাসকিনও ছিলেন জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটার। একসঙ্গে থেকেছেন, অনুশীলন করেছেন, মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। সেই অভিজ্ঞতাও একটা অর্জন। তরুণ তাসকিনের ভবিষ্যৎ স্বপ্নকে আরও রঙিন করে দিতে এটাই বা কম কী!২২ জনের দল থেকে সম্ভাবনা উঁকি দিচ্ছিল অনেকের জন্যই। সূর্য উঠেছে কেবল আবুল হাসান আর সোহাগ গাজীর আকাশে। বাকিদের আকাশও যে মেঘে মলিন হয়ে গেছে, তা নয়। থ্রি কোয়ার্টার প্যান্ট আর গোলাপি টি-শার্ট পরা এনামুল হককে (বিজয়) তো বরং মনে হচ্ছিল আরও বেশি ক্ষুধার্ত! জাতীয় লিগের ম্যাচ খেলতে বগুড়ায় যাবেন। দুপুরের পর তড়িঘড়ি বিসিবি ছাড়ার আগে হাসিমুখে বলে গেলেন, ‘দেখি, এবার একটা ডাবল (সেঞ্চুরি) মেরে আসতে পারি কি না। বগুড়ার উইকেটে খেলা তো...।’এই তো চাই! সাফল্য আনন্দে ভাসাবে, ব্যর্থতা জাগিয়ে তুলবে ভেতরের বাঘটাকে। দলে সুযোগ না পাওয়া জহুরুল-শফিউলের মনেও বুঝি আছে এই পণ। কাল রাতেই রংপুর রওনা হয়ে গেছেন রাজশাহীর হয়ে খেলতে। পৌঁছাতে পৌঁছাতে হয়তো ভোর হয়েছে। রাত জাগার ক্লান্তি ঝেড়ে মাঠে নামবেন সুন্দর কোনো ভোরের আশায়।জুনায়েদ সিদ্দিক সেই ভোর দেখে ফেলেছেন জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেই। মাঝের খারাপ সময়টাকে ভুলিয়ে দিতে পেরেছেন ১৮১ রানের ইনিংসে। তবু টেনশন পুরোপুরি যাচ্ছে না। টেস্ট খেলার সুযোগ মিলবে তো? সুযোগ পেলে খেলতে হবে বড় ইনিংস। ভালো খেলার সঙ্গে ব্যক্তিগত জীবনের কিছু সমীকরণ জড়িত বলেই কিনা অনুশীলনের পর অনেকের কাছে দোয়া চেয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে শুধু দোয়া দিয়েই তো আর ভালো খেলা যায় না, চেষ্টা থাকতে হয়। জুনায়েদ সেটার কমতি রাখবেন না বলেই মনে হচ্ছে, ‘জাতীয় লিগের ইনিংস আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সুযোগ পেলে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইব।’টানা তিন সেঞ্চুরি করা তামিম ইকবালের জন্য আরও বড় আত্মবিশ্বাসের নাম হতে পারে জাতীয় লিগ। কিন্তু দুটি চার দিনের ম্যাচ খেলে আর চার দিন অনুশীলন করে এক বছর টেস্ট না খেলার অনভ্যাস কতটা দূর করা সম্ভব? সময়ের যোগ-বিয়োগকে পাত্তা দিতে চাইলেন না তামিম, ‘দেখেন, এগুলো কিছু না। প্রস্তুতি ম্যাচ খেললে ভালো হতো, না খেলাতেও কোনো সমস্যা হবে না। আসল জায়গায় ভালো খেলতে হবে।’ মাঝখান দিয়ে ফোড়ন কাটলেন সদা রসিক নাসির, ‘টেস্টে খারাপ খেললে তো কিছু একটা বলতে হবে। এখন খারাপ খেললে বলতে পারব প্রস্তুতি ম্যাচ খেলিনি, তাই হেরেছি। হা হা হা।’মুশফিকুর রহিম অবশ্য খুব সিরিয়াস। অধিনায়ক বলেই হয়তো। দীর্ঘ পরিসরের ক্রিকেটের অভ্যাস ফেরাতে নিজেই চেয়েছিলেন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে। পরে দুই দিনের ম্যাচ হওয়ার সম্ভাবনা জাগলে অবশ্য না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনোটাই না হওয়ায় আফসোস মুশফিকের, ‘প্রস্তুতি ম্যাচ হলে আমাদেরও খুব ভালো হতো। অনেককে দেখা যেত। ওয়েস্ট ইন্ডিজের বোলার-ব্যাটসম্যানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও হতো।’ক্যারিবীয় ব্যাটসম্যানদের কথা বললে ক্রিস গেইলের নামই আগে আসে। অন্তত টেস্ট শুরুর আগে তাঁকেই বাংলাদেশি বোলারদের প্রবল প্রতিপক্ষ ভাবা হচ্ছে। তবে মুশফিক সেই ভাবনার আগে ভাবতে চান নিজেদের নিয়ে, ‘ওদের কোনো কোনো খেলোয়াড় নিয়ে আমরা অবশ্যই ভাবব, কিন্তু আগে আমাদের ভালো খেলতে হবে। আমি চাই, সবাই যেন নিজের কাজটা শতভাগ করার চেষ্টা করে।’এত দিন পর টেস্টে ফিরে সেটাই তো আসল চ্যালেঞ্জ।