দল ছাড়লেন ক্ষুব্ধ মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট মাস পর দলে ফিরে এমন ‘অভ্যর্থনা’! ক্ষুব্ধ-স্তম্ভিত-হতাশ মাশরাফি বিন মুর্তজা তাই সিদ্ধান্ত নিলেন সিরিজ থেকেই সরে দাঁড়ানোর। কাল হোটেল থেকে ব্যাগট্যাগ গুছিয়ে ফিরে গেছেন বাসায়। নিজেই বলেছেন, ‘আমি আর এই সিরিজে খেলছি না। বোর্ডকেও জানিয়ে দিয়েছি।’ ইংল্যান্ড সিরিজ মাথা থেকে ঝেড়ে ফেলে অভিমানী মাশরাফি এখন চিন্তা করছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে যাওয়ার।কিন্তু কেন এই অভিমান? কেন মাত্র এক ম্যাচ খেলেই ইংল্যান্ড সিরিজকে বিদায় বলে দিলেন মাশরাফি? বিভিন্ন সূত্রে যা জানা গেল, টিম ম্যানেজমেন্টের আচরণে ক্ষুব্ধ হয়েই তাঁর এই সিদ্ধান্ত। কাল অনুশীলন শেষে মাশরাফিকে জানানো হয়, পরদিন দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে খেলানো হচ্ছে না। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মানতে পারেননি মাশরাফি। তাঁর মতে, আট মাস পর ফিরে প্রথম ওয়ানডেতে এতটা খারাপ বোলিং করেননি যে তাকে বিশ্রামে পাঠাতে হবে। মানতে পারেননি বিশ্রাম দেওয়ার ধরনটাও। বিশ্রামের সিদ্ধান্তটাই নাকি শুধু জানানো হয়েছে তাঁকে, সিদ্ধান্ত নেওয়ার আগে এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেনি টিম ম্যানেজমেন্ট। ক্ষুব্ধ মাশরাফি তাই সরে দাঁড়িয়েছেন সিরিজ থেকেই। ইনজুরি নিয়ে ঝুঁকি না নিতে আপাতত টেস্ট না খেলার সিদ্ধান্ত আগেই নেওয়া। কাল সিদ্ধান্ত নিয়েছেন, দলে সুযোগ পেলেও ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলবেন না। মাশরাফিকে জিজ্ঞেস করে অবশ্য ‘অফিসিয়াল’ কারণটাই জানা গেল, ‘আমার মা খুব অসুস্থ। এ অবস্থায় আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমি বোর্ডকেও সেটাই জানিয়েছি।’মাশরাফি নিজে কিছু না বললেও বিশ্বস্ত সূত্রের খবর, এবার দলে ফেরার পর থেকেই এক ধরনের অস্বস্তি ঘিরে ধরেছিল তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে না পড়লে এখন দলের অধিনায়ক থাকতেন, সেটা ছাড়াও পারফরম্যান্সের কারণেই জাতীয় দলে মাশরাফির গুরুত্ব সব সময় অন্য রকম। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে বাড়তি সমাদরই পেয়ে এসেছেন সব সময়। কিন্তু হাঁটুর চোটের কারণে আট মাস বাইরে থাকার পর দলে ফিরে মাশরাফি দেখছেন, দলের হাওয়া-বাতাস বদলে গেছে। কোচ-অধিনায়কের কোনো কোনো আচরণেও প্রচণ্ড আহত তিনি। এত দিন পর মাঠে নামার আগে কারও কাছ থেকে উত্সাহব্যঞ্জক কিছু তো শোনেনইনি, বরং ড্রেসিংরুম-অনুশীলন সবখানেই উপলব্ধি করেছেন এক ধরনের অবহেলা আর তাচ্ছিল্য। প্রথম ওয়ানডেতে খেলছেন, এ কথাটাও কোচ বা অধিনায়ক তাঁকে জানাননি। মাশরাফি তা জেনেছেন এক নির্বাচকের কাছ থেকে। এসবের সঙ্গে যোগ হয়েছে নিউজিল্যান্ড থেকে ভেসে আসা কিছু কথাবার্তা। দল সূত্রের খবর, টিম ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ণ সদস্য নাকি নিউজিল্যান্ডে দলের ক্রিকেটারদের সামনেই মন্তব্য করেছেন, অসুস্থতা-টসুস্থতা কিছু নয়। মাশরাফি নিউজিল্যান্ডে যাননি ভয়ে। দেশে ফিরে দলের দু-একজন ক্রিকেটার সেটা তুলেছেন মাশরাফির কানে।প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন, মাশরাফিকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কারও একার নয়, ‘মাশরাফি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তার ভালোর জন্যই শুরু থেকে আমাদের চিন্তাভাবনা ছিল, তাকে বিশ্রাম দিয়ে আস্তে আস্তে খেলায় ফেরানো হবে। ওর একটা শুরু দরকার ছিল, সেটাই হলো ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সম্মিলিত।’শুরু না শেষ, সেটাই প্রশ্ন এখন। ইনজুরি থেকে দূরে থাকতে টেস্ট থেকে আপাতত নির্বাসনেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গে নতুন অভিমানটা যোগ হওয়ায় মাশরাফি দেশের ক্রিকেট থেকেই সরে যাচ্ছেন না তো! আপাতত তাই। সাবেক বাংলাদেশ কোচ ও বর্তমানে কলকাতা নাইট রাইডার্স কোচ ডেভ হোয়াটমোর গত পরশু ফোন করে মাশরাফিকে আইপিএলে খেলতে ডেকেছেন। ইংল্যান্ড সিরিজ থেকে সরে গিয়ে মাশরাফিও এখন আইপিএল নিয়েই ভাবছেন। তা ছাড়া জেমি সিডন্সের চেয়ে ডেভ হোয়াটমোরের আশ্রয়টা সব সময়ই আনন্দের তাঁর কাছে। সিডন্সের কাছে মাশরাফির বাড়তি গুরুত্ব না থাকতে পারে, কিন্তু হোয়াটমোরের প্রিয়ভাজন ক্রিকেটারদের তালিকায় এক নম্বরেই ছিলেন মাশরাফি।