দল থেকে বাদ তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার স্পেন দলে নিজের জায়গা হারালেন ফার্নান্দো তোরেস। ৬ ফেব্রুয়ারি উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তোরেসকে ছাড়াই দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। তোরেসের পাশাপাশি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে দল থেকে ছিটকে দিয়েছে তার ইনজুরি। তাঁর জায়গায় গোলবার আগলাবেন পেপে রেইনা।গত নভেম্বরে পানামার বিপক্ষেও দল থেকে বাদ পড়েছিলেন তোরেস। এবার নতুন বছরেও ব্রাত্য হয়ে রইলেন চেলসির এই স্ট্রাইকার। পারফরম্যান্সই যে তোরেসের বাদ পড়ার কারণ, এ কথা না বললেও চলে।ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আরেক স্ট্রাইকার মিচুও কাড়তে পারেননি দেল বস্কের নজর। সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন সোয়ানসের এই স্ট্রাইকার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে স্পেনের জার্সি গায়ে অভিষেক হতে পারে তরুণ দুই ফুটবলারের। চেলসির উইং-ব্যাক সিজার এপিলিকুয়েটা ও মালাগার তারকা মিডফিল্ডার ইসকোকে প্রথমবারের মতো দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ইনজুরির কারণে অধিনায়ক ইকার ক্যাসিয়াস দলে থাকতে না পারলেও ইনজুরি কাটিয়ে ফিরেছেন জেরার্ড পিকে ও জাবি আলোনসো। দেল বস্কের স্বস্তির কারণ হয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার কার্লোস পুয়োলও। গোল ডটকম।