দল নির্বাচনে আবারও হস্তক্ষেপ
কৌতূহল তুঙ্গে—কেমন হবে নতুন নির্বাচক কমিটির প্রথম দল? আজ সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে সফরের দল ঘোষণার মাধ্যমে সেই কৌতূহল মেটার কথা ছিল। কিন্তু কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যা খবর, বোর্ড সভাপতির চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় সেটি সম্ভবত পেছাচ্ছে।কাল সন্ধ্যায় হাতে পাওয়া দলে সভাপতি আর কোনো কাটাছেঁড়া করবেন কি না কে জানে, তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সাবেক তিন অধিনায়কের নির্বাচক কমিটি চাপে নতি স্বীকার না করে স্বাধীনভাবে দল নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুরুতেই তা দেয়ালে মাথা ঠুকে মরছে! বিশ্বস্ত সূত্রের খবর, প্রথম দল দেওয়ার ক্ষেত্রেই নিজেদের অবস্থানে অটল থাকতে পারেনি এযাবৎকালের ‘সেরা’ নির্বাচক কমিটি। অভিজ্ঞতা আর ক্রিকেট-জ্ঞান যতই থাকুক; দল নির্বাচনে আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের চেয়েও নাকি ‘জোরালো’ ভূমিকা থাকছে টেকনিক্যাল কমিটির এক প্রভাবশালী কর্মকর্তার। গত ১০ জুলাই নির্বাচকদের দেওয়া ১৫ সদস্যের টেস্ট দলে রকিবুল থাকলেও ওই কর্মকর্তার ইচ্ছায় কাল তাঁকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে শুভাগতকে।পাঁচ স্ট্যান্ডবাই খেলোয়াড়ের মধ্যেও নেই রকিবুল! স্ট্যান্ডবাই পাঁচজন—অলক, সোহরাওয়ার্দী, রাসেল, নাঈম ও সগীর। ওয়ানডে সিরিজে তাঁদের মধ্য থেকেই দলে যোগ দেবেন দু-তিনজন, টেস্ট সিরিজের দল থেকে ফিরে আসবেন সমানসংখ্যক খেলোয়াড়। দল নিয়ে নির্বাচকেরা মুখে কুলুপ আঁটলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, কাল সন্ধ্যায় বোর্ড সভাপতির অনুমোদনের জন্য যে ১৫ সদস্যের দল পাঠানো হয়েছে তাতে আছেন সাকিব, তামিম, ইমরুল, জুনায়েদ, আশরাফুল, শাহরিয়ার, মুশফিকুর, মাহমুদউল্লাহ, রাজ্জাক, শফিউল, রুবেল, নাজমুল, রবিউল, শুভাগত ও নাসির।বোর্ড সভাপতির অনুমোদন পেলে জিম্বাবুয়ে সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে এই দলটাই ঘোষণা হওয়ার কথা। নির্বাচক কমিটি হয়তো তখনো দাবি করবে, এটা তাদেরই দল। কিন্তু সূত্র জানিয়েছে, নির্বাচকদের দলে প্রথমে রকিবুল ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা শুভাগত ছিলেন না টেস্টের বিবেচনায়। কিন্তু টেকনিক্যাল কমিটির ওই সদস্যের ‘অনুরোধের’ কাছে শেষ পর্যন্ত নতি স্বীকারে বাধ্য হয়েছে নির্বাচক কমিটি। যদিও প্রধান নির্বাচক কাল সেটি স্বীকার করলেন না, ‘ভবিষ্যতের কথা ভেবে হয়তো দলে দু-একটা চমক রাখব। তবে কাউকে খুশি করার জন্য বা কারও চাপে আমরা দল করিনি। যে দলটাকে দেশের ক্রিকেটের জন্য ভালো মনে হয়েছে, আমরা তিনজন মিলে সেই দলই বোর্ডে জমা দিয়েছি।’ আকরামের দাবি, দল নির্বাচনের আগেই টেকনিক্যাল কমিটিকে নির্বাচনী পরিকল্পনা জানিয়েছেন। দল নির্বাচনের পর তাতে কারও হস্তক্ষেপ হচ্ছে না।আকরাম খান এক দিক দিয়ে ঠিকই বলছেন। কারও ইচ্ছা যদি তাঁরা আগেই বাস্তবায়ন করে দেন, হস্তক্ষেপের দরকারই বা কী? আর খেলোয়াড় তালিকায় যেহেতু নির্বাচকদের স্বাক্ষর থাকেই, কাগজে-কলমে তো এটা তাঁদেরই দল। নির্বাচক কমিটির স্বাধীনতা তাতে যতই ভূলুণ্ঠিত হোক না কেন!’