দল নিয়ে গর্বিত প্রানদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজারে প্রানদেল্লি হতাশ হতে পারেন কিন্তু তিনি মোটেও অসন্তুষ্ট নন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রত্যাশার ফানুস ফালা ফালা করে দিলেও প্রানদেল্লি বরং তাঁর ছেলেদের পারফরম্যান্সে গর্বই অনুভব করছেন।২০০৬ সালের বিশ্বকাপের পর থেকেই সময়টা একেবারেই ভালো কাটছিল না ইতালির। গত বিশ্বকাপে প্রথম পর্ব থেকে লজ্জাজনক বিদায় দেশটির ফুটবলে নেতিবাচক প্রভাব তৈরি করেছিল। তার ওপর ঘরোয়া ফুটবলে ম্যাচপাতানো বিতর্ক ইতালীয় ফুটবলকে নৈতিক দিক দিয়েও খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল।এত সব নেতিবাচক অনুষঙ্গকে সঙ্গী করে এবারের ইউরো খেলতে পোল্যান্ড ও ইউক্রেনে পা রেখেছিল ‘আজ্জুরি’রা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলের হারে ইউরোয় ইতালির ভবিষ্যত্ নিয়েই প্রমাদ গোনা শুরু করেছিলেন ফুটবল বোদ্ধারা। কিন্তু সবকিছুকে মিথ্যা প্রমাণ করে সেই ইতালিই যখন ফাইনালে উঠে যায়, তখন যেকোনো কোচই দলের জন্য গর্বিত হতে পারেন, প্রানদেল্লিও এর ব্যতিক্রম নন।কালকের ফাইনালটি ইতালির জন্য দুঃস্বপ্নই বলা যায়। স্পেনের অসাধারণ ফুটবলের কাছে মার খেয়ে গেছে ইতালীয় কৌশল। প্রানদেল্লির দুঃখ হচ্ছে এই হারটার জন্য। সেটা তিনি স্বীকারও করেছেন। তবে তাঁর মতে, হারের দুঃখ সময়ই লাঘব করবে কিন্তু পেছন ফিরে তাকালে সত্যিই দলের অর্জনে গর্বিত হতে হয়। ‘যেকোনো পরাজয়ই আপনাকে দুঃখবোধে আক্রান্ত করবে। কিন্তু সময় যত গড়াবে, আপনারা বুঝবেন, এবারের ইউরো ইতালির জন্য ছিল অসাধারণ একটা প্রতিযোগিতা।’ বলেছেন প্রানদেল্লি।কিছুটা কাব্য করেই প্রানদেল্লি বলেছেন, ‘কিয়েভ থেকে চলে যাওয়ার সময় বিমানে বসে যখন স্টেডিয়ামের আলো দেখব, সন্দেহ নেই হতাশা আমায় গ্রাস করবে। কিন্তু আমি গর্বিত হব এই ভেবে যে আমার দল এবারের ইউরোয় দারুণ পারফর্ম করেছে। এখানে সময়টা আমাদের দারুণ কেটেছে।’তিনি আরও বলেন, ‘আজ (রোববার) খুব খারাপ লাগছে ম্যাচটা এভাবে হেরে। তবে আমি নিশ্চিত কাল (সোমবার) আমরা অনেক ভালো বোধ করব।’পুরো প্রতিযোগিতায় দলের পারফরম্যান্সে কোচ হিসেবে ভালো নম্বরই দিতে চান প্রানদেল্লি। পূর্ণমান ১০ হলে দলকে তিনি আট দেবেন বলেই জানিয়েছেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘এই নম্বর তাদের প্রাপ্য।’প্রানদেল্লি বলেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার দল এই প্রতিযোগিতায় কঠিন সময়গুলোতে মাথা ঠান্ডা রাখতে পেরেছে। এই দলকে নিয়ে গর্ব না করে উপায় আছে !’ রয়টার্স।