দল পাননি খোদ জাতীয় দলের অধিনায়ক
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের দলবদল আগেই শেষ হয়েছে। তবে দক্ষিণ এশীয় গেমসের প্রস্তুতির জন্য ইউরোপ সফরে যাওয়া ১৯ জন খেলোয়াড়কে নিয়ে পুল করা হয়েছে, আর এই খেলোয়াড়দেরই দলবদল হবে ৮-৯ মার্চ। খোদ জাতীয় দলের অধিনায়কসহ পাঁচজন দল পাননি। হতাশায় দিন কাটছে ঠিকানাহীন এই ৫ খেলোয়াড়ের।পুলের খেলোয়াড়দের মধ্যে মোহামেডানে নাম লিখিয়েছেন মামুনুর রহমান (চয়ন), রাসেল মাহমুদ (জিমি), জাহিদুল ইসলাম (রাজন), কামরুজ্জামান (রানা)। গোলকিপার হিসেবে মোহামেডানে সুযোগ মিলেছে মেহরাব হোসেনের (কিরণ)। আবাহনীতে গেছেন খন্দকার হাসান। এবার বিকেএসপির খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে আবাহনী। এঁদের মধ্যে গোলাম মোস্তফা ও মনোয়ার হোসেন পুলে পড়ায় আবাহনীতে পুলের খেলোয়াড় ওই দুজনই। তবে বিকেএসপির আরেক খেলোয়াড় পুস্কর খীসাকে (মিমো) সম্ভবত তারা পাবে না। এসএ গেমসের পরপরই তিনি নেদারল্যান্ডে গেছেন লিগ খেলতে। বিশেষ দলবদলের বাকি আর মাত্র দু দিন। কিন্তু কোনো দল এখনো জোটাতে পারেননি মশিউর রহমান (বিপ্লব), জাহিদ বিন তালিব (শুভ), মোশারফ হোসেন (কুটি), আবদুস সাজ্জাদ (জন) ও রিমন ঘোষ। দল না পাওয়া জাতীয় দলের অধিনায়ক মশিউর দুঃখ করে কাল বললেন, ‘গতবার সাড়ে তিন থেকে চার লাখ টাকায় খেলেছি। কিন্তু এবার পুলের গ্যাঁড়াকলে পড়ে দুই লাখে নেমে এসেছে আমার মূল্য। একটি দল আমাকে এই দামে খেলাতে চাইলেও আমি রাজি হইনি। শেষ পর্যন্ত কোনো দল না নিলে হাত-পা গুটিয়ে বসে থাকতে হবে।’ ‘সবাই আমাদের কাছে শুধু পারফরম্যান্স আশা করে। কিন্তু আমাদের স্বার্থ কেউ দেখে না’—আরও আক্ষেপ ঝরল তাঁর কণ্ঠে। তবে সাজ্জাদ ঢাকা লিগ নিয়েই পড়ে থাকছেন না, ‘শুনেছি জামিল ভাই (ফেডারেশন সম্পাদক) আমাদের জন্য কিছু করতে চান। কিন্তু কবে করবেন সেটা জানি না। শেষ পর্যন্ত কিছু না হলে আমি অস্ট্রিয়াতে চলে যাব। সেখানে ভিয়েনায় একটা লিগে খেলার প্রস্তাব আছে। কোচ গেরহার্ড পিটার এ জন্য অবশ্য আমাকে ফেডারেশন থেকে একটা ছাড়পত্র নিতে বলেছেন।’ ফেডারেশন সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন অবশ্য আশার বাণীই শুনিয়ে যাচ্ছেন দল না পাওয়া খেলোয়াড়দের, ‘খেলোয়াড়দের ভয় পাওয়ার কিছু নেই। যারা এখনো দল পায়নি তাদের অসুবিধা হবে না। আমি একটা না একটা ব্যবস্থা করবই।’