দল বদলাচ্ছেন না তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রেয়া পিরলো, ম্যানুয়েল নয়্যার, মিরোস্লাভ ক্লোসা ও স্টিভেন জেরার্ড
আন্দ্রেয়া পিরলো, ম্যানুয়েল নয়্যার, মিরোস্লাভ ক্লোসা ও স্টিভেন জেরার্ড

মৌসুম প্রায় শেষ। নতুন মৌসুম সামনে রেখে অনেকেই হয়তো পরিকল্পনা করছেন ঠিকানা পাল্টানোর। কেউ হয়তো নিজেই ক্লাব পাল্টাবেন। কাউকে ছেড়ে দেবে ক্লাব। অনেকেই নতুন চুক্তি করে থেকে যাবেন বর্তমান ঠিকানায়। আন্দ্রেয়া পিরলো, ম্যানুয়েল নয়্যার, মিরোস্লাভ ক্লোসারা বেছে নিলেন শেষটাই। ইতিমধ্যেই নিজ নিজ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে ফেলেছেন তিনজনই। অধিনায়ক স্টিভেন জেরার্ডকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে লিভারপুল।

মজার ব্যাপার, পিরলো, নয়্যার, ক্লোসা—তিনজনই বর্তমান ক্লাবে আছেন ২০১১ থেকে। পিরলো এসি মিলান ছেড়ে তিন বছরের ফ্রি চুক্তিতে যোগ দেন জুভেন্টাসে। জুনে শেষ হওয়ার কথা তাঁর চুক্তির মেয়াদ। কিন্তু আরও দুই বছরের চুক্তি নবায়ন করে ৩৪ বছর বয়সী ইতালির ‘মিডফিল্ড জেনারেল’ ২০১৬ সালের জুন পর্যন্ত হয়ে গেলেন জুভেন্টাসের।

পিরলোর মতো ক্লোসাও বায়ার্ন ছেড়ে তিন বছরের চুক্তিতে পাড়ি জমান লাৎসিওতে। তবে চোটের কারণে মাঠের বাইরে থাকা জার্মান স্ট্রাইকারের নতুন চুক্তিটা এক বছরের। চুক্তিপত্রে শর্ত সাপেক্ষে আরও এক বছর রাখা হয়েছে। ৩৫ বছর বয়সী স্ট্রাইকার ফর্মে থাকলেই কেবল সেটা বাস্তবায়িত হবে। জার্মানির হয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা ক্লোসা ক্যারিয়ার শেষ করতে চান লাৎসিওতেই, ‘ক্লাবের এই বড় প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি।’

২০১১ সালে শালকে ছেড়ে নয়্যার বায়ার্ন মিউনিখে যোগ দেন পাঁচ বছরের চুক্তিতে। চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে জাতীয় দলের এক নম্বর গোলরক্ষককে ২০১৯ পর্যন্ত নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলল জার্মান চ্যাম্পিয়নরা।

লিভারপুল ও ইংল্যান্ড অধিনায়ক জেরার্ড পুরো ক্যারিয়ারই কাটিয়ে দিলেন অ্যানফিল্ডে। কিন্তু এই মৌসুমেই শেষ লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। একটা জল্পনা-কল্পনা তাই ছিলই। লিভারপুল নতুন চুক্তির প্রস্তাবটা দিলে তা হয়তো অনেকটা দূর হবে। কিন্তু জেরার্ড চুক্তিতে সই করবেন? চরম দুঃসময়েও যিনি অ্যানফিল্ড ছাড়ার কথা ভাবেননি, নিজেদের ফিরে পাওয়ার এই সময়ে জেরার্ড থাকবেন এমনটা ধরেই নেওয়া যায়। কোচ ব্রেন্ডন রজার্স আশাবাদী, ৩৩ বছর বয়সী জেরার্ড অন্তত ২০১৬ পর্যন্ত থাকবেন অ্যানফিল্ডেই। ওয়েবসাইট।

পুরোনো ঠিকানাতেই

আন্দ্রেয়া পিরলো, জুভেন্টাস ২০১৬ পর্যন্ত

ম্যানুয়েল নয়্যার, বায়ার্ন মিউনিখ ২০১৯ পর্যন্ত

মিরোস্লাভ ক্লোসা, লাৎসিও ২০১৫ পর্যন্ত

স্টিভেন জেরার্ড, লিভারপুল ২০১৬ পর্যন্ত চুক্তি হতে পারে