দল হারছে আর 'ঘুমাচ্ছেন' ফার্গুসন?

টকটকে লাল মুখবর্ণ। রোমাঞ্চে, উত্তেজনায় অনবরত চিবুচ্ছেন চুইংগাম। মুখ নড়ছে, নড়ছে ঠোঁটও। খেলোয়াড়দের অনুপ্রেরণা দিচ্ছেন, বকুনিও। পরনে লম্বা কালো ওভারকোট, কখনো বা স্যুট। চোখে মোটা ফ্রেম আর হাই পাওয়ারের চশমা। চিনতে পেরেছেন নিশ্চয় মানুষটাকে। অ্যালেক্স ফার্গুসন। পরিচিত এ দৃশ্য এখন আর দেখা যায় না। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা থাকলেই ওল্ড ট্র্যাফোর্ডের ভিআইপি গ্যালারিতে ঠিকই থাকেন বা থাকার চেষ্টা করেন। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ছিলেন। কিন্তু টিভি ক্যামেরায় দেখা গেল, ম্যাচ চলার সময় এমনভাবে মাথা নিচু করে আছেন যেন মনে হচ্ছে, গভীর তন্দ্রায় আছেন! এ-ও কি সম্ভব!
অবশ্য এ মৌসুমে ইউনাইটেডের যে অবস্থা, তাতে রুনিদের খেলা দেখার আগ্রহ না-ও থাকতে পারে এ সাবেক গুরুর। ময়েসের বিদায়ের পর অন্তর্বতীকালীন কোচ রায়ান গিগসের অধীনে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে ‘রেড ডেভিল’রা। প্রাক্তন ছাত্রদের হতশ্রী পারফরম্যান্সে হয়তো ম্যাচ থেকে মুখ ঘুরিয়ে নেওয়াকেই শ্রেয় মনে করেছেন!
ভিডিওতে অবশ্য ফার্গুসনের হাত দুটো ঠিকমতো দেখা যাচ্ছে না। এমনো হতে পারে, তিনি মুঠোফোনে ব্যস্ত। সেটিও কি অস্বাভাবিক নয়? যে ফার্গি ইউনাইটেডের ম্যাচ চলার সময় এক সেকেন্ড ফুটবলের বাইরে থাকতেন না, সেই তিনি কিনা এখন ম্যাচের সময় অন্য কাজে ব্যস্ত!