দলকে আরও দিতে চান রবিনহো
‘এটা কঠিন ম্যাচ হবে আমাদের জন্য। তবে আমি আত্মবিশ্বাসী এবং আমরা তৈরিও’—হল্যান্ডকে সম্মান দেখাচ্ছেন, খানিক সতর্কও কি করলেন না রবিনহো?ব্রাজিলের স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে ভালো কিছু করতে যেন মুখিয়ে আছেন। তাঁর আত্মবিশাস বাড়িয়ে দিয়েছে চিলির বিপক্ষে পাওয়া গোলটি, বিশ্বকাপে তিন ম্যাচে ওটাই এখন পর্যন্ত রবিনহোর একমাত্র গোল। তবে দ্বিতীয় রাউন্ডে দলের ৩-০ জয়ে অবদান রাখলেও সন্তুষ্ট নন রবিনহো, ‘ওই গোল করে আমি খুবই খুশি। তবে আমি মনে করি, আমি আরও ভালো খেলতে পারি। আরও ভালো খেলতে হবে আমাকে।’রবিনহো আরও ভালো করতে চান মানে হল্যান্ড রক্ষণের জন্য একটা বড় পরীক্ষাই অপেক্ষা করছে। চিলি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বলছেন, ‘প্রথম গোল পাওয়া পর সাধারণত আরও গোল পাওয়াটা সহজ হয়ে যায়। এটা (চিলির বিপক্ষে) ভালো ম্যাচ ছিল। কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। আমরা এতেই পুরো খুশি হতে পারি না। উন্নতি করার চেষ্টা সব সময়ই করতে হবে।’ চিলির বিপক্ষে ব্রাজিলের গত ছয়টি ম্যাচে এটি রবিনহোর সপ্তম গোল, যা তাঁকে বসিয়ে দিয়েছে কিংবদন্তি পেলের পাশে। চিলির বিপক্ষে পেলেও করেছিলেন সর্বোচ্চ সাত গোল। একটা জায়গায় পেলে-রবিনহোর নাম দুটি তাই এখন একই সঙ্গে উচ্চারিত হবে। ‘পেলের সঙ্গে আপনি কাউকে তুলনা করতে পারবেন না। তবে চিলির বিপক্ষে খেলে সব সময়ই আমি ভাগ্যের ছোঁয়া পাই’—ম্যান সিটি থেকে ধারে সান্টোসে খেলতে যাওয়া রবিনহো বেশ বিনয়ী।একটা ব্যাপারে অবশ্য তাঁর কণ্ঠ বেশ আপসহীনই, ‘আমার একমাত্র লক্ষ্য, ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো।’ ওয়েবসাইট।