দলকে নিজের রূপে চান তামিম

ব্যাটকে তলোয়ার বানিয়ে প্রায়ই কচুকাটা করেন বোলারদের। তবে আপাতত তাঁর হাতে ব্লেড! তামিম ইকবাল এখন ম্যাটাডোর হাই স্টেইনলেস ব্লেড-এর বাণিজ্যিক দূত। বাংলাদেশি ‘ব্র্যান্ড’-এর প্রচারণার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত তামিম। তবে বাংলাদেশকেও একটি ‘ব্র্যান্ড’-এর ক্রিকেট খেলতে দেখতে চান তিনি, যেটিকে বলা যায় ‘তামিম ব্র্যান্ড।’ নিজে যেমন ভয়ডরহীন ব্যাটিং করেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকেও তেমন ভয়ডরহীন দেখতে চান তামিম। প্রাথমিক রাউন্ডের বৈতরণি পার হতে এটাই তামিমের রেসিপি।
অনেক সময় বনের বাঘের চেয়ে বেশি ভয়ংকর হয়ে ওঠে মনের বাঘ। বাংলাদেশের জন্য সেই মনের বাঘ হয়ে উঠতে পারে আফগানিস্তান। সেই বাঘকেই মনে জায়গা দিতে চান না তামিম, ‘আমার মতে বাংলাদেশ দলের উচিত ভয়ডরহীন ক্রিকেট খেলা। যখনই কোনো ম্যাচ নিয়ে আমরা বেশি ভাবি, দেখা যায় আমরা একটু গুটিয়ে যাই। সমস্যা সৃষ্টি হয় তখনই। জিম্বাবুয়েতে যেমন সবাই প্রত্যাশা করে আমাদের জিততেই হবে, ওই ব্যাপারটা হয়তো আমাদের মাথায় কাজ করে। কিন্তু আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
তার মানে অবশ্য এই নয় যে আফগানিস্তানকে পাত্তাই দিতে চান না তামিম। বরং শ্রদ্ধাই করছেন, ‘আফগানিস্তান অনেক ভালো খেলে। আমাদের লিগে ওদের কিছু ক্রিকেটার ভালো খেলেছে। আমরা ওভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। বাছাইপর্বে আফগানিস্তানের খেলা টিভিতে দেখিয়েছে, আমাদের কম্পিউটার অ্যানালিস্ট নিশ্চয়ই ওদের খেলা বিশ্লেষণ করবেন। আমি বলতে পারি, আমাদের মাটিতে হারানো ওদের জন্য কঠিন হবে। তবে আমাদেরও পুরো প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও গ্রুপের আর দুটি দল আলোচনায় পাত্তাই পাচ্ছে না। যৌক্তিক কারণেই হংকং ও নেপালকে নিয়ে কেই-বা ভাবতে যাবে! তবে তামিম ভাবছেন। আফগানিস্তানের সঙ্গে জিতে পরে যদি পচা শামুকে পা কাটে! বাঁহাতি ওপেনার তাই বেশ সতর্ক, ‘প্রাথমিক পর্বে আসলে তিন ম্যাচের তিনটিই জিততে হবে। একটিতে পা হড়কালেও নানা হিসাব-নিকাশ এসে যাবে। টি-টোয়েন্টিতে সবাই সবাইকে হারাতে পারে। আমরা যেকোনো দলকে হারাতে পারি, আমাদেরও যেকোনো দল হারাতে পারে। কোনো ম্যাচকেই আমাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
বাংলাদেশের আফগানিস্তান পরীক্ষার এখনো অনেক দেরি। তামিমের একটি পরীক্ষা অপেক্ষা করছে কালই। টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজের জন্য বাংলাদেশ ও বাংলাদেশ ‘এ’ দলের ফিটনেস ট্রেনিং কাল। তলপেটের ব্যথায় এই সিরিজে না থাকলেও কাল ফিটনেস পরীক্ষা হবে তামিমেরও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রহকারীর আশা, মাঠে ফিরতে পারবেন শিগগিরই, ‘এখন ব্যথা নেই, সবকিছু ঠিক আছে। এখনো হয়তো ম্যাচ ফিট নই। যেহেতু হাতে সময় আছে, তাই ফিজিও চাইছিলেন পুরো ফিট হয়েই মাঠে নামতে। আশা করি, ১৬ ডিসেম্বরের পর ম্যাচ খেলতে পারব।’
আফগানিস্তান, ফিটনেসের পাশাপাশি এল সাম্প্রতিক আরেকটি প্রসঙ্গও। গুঞ্জন আছে মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে মাহমুদউল্লাহর বিকল্প খুঁজছে বিসিবি। সাবেক সহ-অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হিসেবে তামিমের নামও আছে আলোচনায়। সরাসরি না বললেও তামিমের কথায় ইঙ্গিত মিলল, দায়িত্ব পেলে ‘না’ বলবেন না, ‘যখন সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তখন বলেছিলাম যে ওনারা হয়তো আমাকে ওই কাজের জন্য সঠিক মনে করেননি। ভবিষ্যতে যদি সঠিক মনে করেন, আবার দেবেন দায়িত্ব। এবার এখনো অফিশিয়ালি কেউ কথা বলেননি। আমি এসব ভাবছিও না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হলো ফিট হওয়া।’