দলটা দক্ষিণ আফ্রিকা বলেই পারল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটি ছোঁয়ার পর পেরেরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ফিফটি ছোঁয়ার পর পেরেরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

শেষ তিন ওভারে দরকার ২৯ রান। হাতে ৫ উইকেট। সম্ভব? টি-টোয়েন্টি খেলাটা নিয়মিত দেখে থাকলে আপনি বলবেন সম্ভব। ওভারে দশ করে তোলা তেমন ঘটনা না। ১৮তম ওভারটি ১০ রান তুলে দলটাও যেন জানান দিচ্ছিল তারা মনে করছে সম্ভব। কিন্তু ওই যে দলটার নাম দক্ষিণ আফ্রিকা! এই নামের ‘মাহাত্ম্য’ প্রমাণ করেই দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচটা হারল ৫ রানে! জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু দুইবারের রানার্স আপ শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। স্কোরটা আরও বড় হতে পারত। তা না হলেও কুশল পেরেরার ৪০ বলে ৬১ আর অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩২ বলে ৪৩ রানের দুই ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল লঙ্কানরা। ৩ ওভারে ২৬ রান তুলে দক্ষিণ আফ্রিকাও বুঝিয়ে দিচ্ছিল চ্যালেঞ্জটা তারা নিতে প্রস্তুত। দশ ওভার শেষেও ঠিক পথে এগোচ্ছিল প্রোটিয়ারা। ১ উইকেটে তুলেছিল ৭৫। হাতে যথেষ্ট উইকেট আছে। একটা ঝড় শুধু তুলতে হবে। কিন্তু সেই ঝড়ই আর শেষ পর্যন্ত তোলা হলো না তাদের। পরের ছয় ওভারে বাউন্ডারি এল মাত্র চারটি!
এখানে আসলে ম্যাচ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের থামতে হলো ৮ উইকেটে ১৬০ রান তুলে। অথচ প্রথম চার ব্যাটসম্যানই ভালো স্কোর গড়েছিলেন। ডি কক ১৮ বলে ২৫, হাশিম আমলা ২৬ বলে ২৩, জেপি ডুমিনি ৩০ বলে ৩৯, ডি ভিলিয়ার্স ১৬ বলে ২৪।
শ্রীলঙ্কার পক্ষে ২২ রানে ২ উইকেট নিয়েছেন সেনানায়েকে। তবে ম্যাচ সেরা কুশল পেরেরাই।