দলবদলে এসে বিব্রত শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমের দলবদল করতে এসে বেশ বিব্রতকর অবস্থায় পড়ল শেখ জামাল ধানমন্ডি। নতুন দল নিয়ে যতটা কথা বলতে হলো কর্মকর্তাদের, তার চেয়ে অনেক বেশি তাঁদের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ নিয়ে। আমিনুলের নেতৃত্বে আসা নতুন-পুরোনো খেলোয়াড়দের মুখ থেকে তাই হাসি উধাও।ফুটবলারদের দল নিবন্ধনের কাল ছিল প্রথম দিন। ক্লাবের পরিচালক এনায়েত কবির, ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিমসহ আরও শেখ জামালের কয়েকজন কর্মকর্তা বাফুফে ভবনে এলেন শেষ বিকেলে। সঙ্গে ছিলেন নতুন-পুরোনো মিলে ২০ খেলোয়াড়ের বড় বহর।গতবার ঘরোয়া ফুটবলে অভিষেক মৌসুমে নানা বিতর্ক ঘিরে ধরেছিল শেখ জামালকে। এরপর তারায় খচিত দলটা ভেঙে টুকরো টুকরো। সুজন, ওয়ালি, নাসির, জাহিদ, এনামুল, শাহেদ চলে গেছেন আবাহনীতে। আরিফ, রেজাউল, শাকিল, মামুনুল, এমিলি নাম লেখাচ্ছেন মুক্তিযোদ্ধায়। এতে শেখ জামালের শক্তি বেশ কমে গেছে।ভাঙা হাটের মধ্যে শেখ জামাল দলে নিয়েছে মোহামেডানের শরিফ, শেখ রাসেলের রাজু, ফরাশগঞ্জের সোহেল, ভাসানী, আরামবাগের সাইফুল্লাহ, ফেনী সকারের সোহেল রানা ও পিরু, ব্রাদার্সের ইমরুল, ইউসুফ আলীকে। আমিনুলের সঙ্গে থেকে গেছেন মিশু, মিন্টু শেখ, কোমল, সবুজরা।এই দলে ফেমী, ইয়াকুবুর সঙ্গে আছেন গতবার ব্রাদার্সে খেলা ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটন। স্বদেশি নেইমারের মতো চুলের ছাঁট দিয়ে নজরকাড়া ২৭ বছরের তরুণ ভিড়ের মধ্যে বললেন, ‘শেখ জামালে এসে আমি খুশি। ভালো খেলার চেষ্টা করব।’সেটি পরের কথা। তার আগে যে বোমা ফাটল আরেকটা। পরশু রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখ বেসরকারি এক টিভি চ্যানেলের কাছে স্বীকার করেছেন, সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ লিগের ফিরতি পর্বে শেখ জামালকে পয়েন্ট ছেড়ে দিয়েছে রহমতগঞ্জ। ওই ম্যাচটি সমঝোতার ছিল বলে বাফুফের বাংলাদেশ লিগ কমিটি রায় দিয়ে শেখ জামালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। তাতে কালিমালিপ্ত হয়েছে শেখ জামালের বাংলাদেশ লিগের শিরোপা জয়।ইরান শেখ বলেছেন, ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন কালা তাঁকে বলেছেন, মাঠে দাঁড়িয়ে গোল খাওয়ার জন্য ‘ইজি’ খেলতে। ইরানের এই স্বীকারোক্তির পর কী বলবেন শেখ জামালের কর্মকর্তারা?এনায়েত কবিরের উত্তর, ‘প্রথম থেকেই আমরা পাতানো খেলার বিরুদ্ধে। অভিযোগ আসতে পারে। তবে সেটি প্রমাণ হতে হবে। আমাদেরটাসহ অতীতের সব পাতানোর খেলার অভিযোগের প্রমাণ চাই আমরা।’ইরানের কথায় প্রমাণের বাকি আছে? এনায়েতের ‘না’বোধক উত্তরের সঙ্গে পাল্টা প্রশ্ন, ‘কোরআন শরিফ ছুঁয়ে ইরানকে শপথ করানো হয়েছে। এটা কি নৈতিকভাবে ঠিক হয়েছে?’জরিমানা করার পর ক্লাব সভাপতি দল প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দল প্রত্যাহার করেননি। ২০ লাখ টাকাও দেননি। কেন? এনায়েতের কথা, ‘পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনো পর্যন্ত জরিমানা ব্যাপারটা আমরা মানিনি।’একপর্যায়ে পাতানো খেলার ব্যাপারে প্রশ্ন শুনতে চাইছিলেন না শেখ জামালের কর্মকর্তারা। তাঁদের অনুরোধে প্রসঙ্গ পাল্টাল। এক প্রশ্নে অধিনায়ক আমিনুল বললেন,‘ গত সুপার কাপের সেমিফাইনালে খারাপ খেলেছি। এটা হতেই পারে। আমি আমার ভুল স্বীকার করে নিয়েছি। তবে দলে কোনো কোন্দল ছিল না। জাতীয় দলের ৭-৮ জন খেলোয়াড় বেঞ্চে বসে থাকলে কথা উঠতেই পারে। এসব কোনো ব্যাপার নয়।’ যোগ করেছেন, ‘এবার আমাদের দলে তারকার আধিক্য নেই। তবে দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। এভারটনের মতো খেলোয়াড় নিয়েছি আমরা। গতবার প্রত্যাশিত সাফল্য আসেনি। আশা করছি এই দল নিয়ে ভালোভাবে লড়ব এবং সাফল্য পাব।’এই আত্মবিশ্বাসটা শেষ পর্যন্ত থাকবে তো?