দলবদলে মোহামেডানের অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের তুলনায় এবার ‘ভালো’ দল করেছে মোহামেডান। ফুটবলারদের দলবদলের দ্বিতীয় দিনে কাল ঘর গোছানো সাদা-কালোদের ওটাই বড় সান্ত্বনা।মোহামেডান সব সময়ই চ্যাম্পিয়ন হতে দল গড়ত। এটাই দলটির ঐতিহ্য। বিস্ময়কর হলেও গতবার তারা অখ্যাত কিছু তরুণকে নিয়ে দল গড়েছিল টিকে থাকার জন্য!টিকে তারা ছিল। ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠতে না পারলেও স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশ লিগে ষষ্ঠ। সুপার কাপ প্রায় জিতেই ফেলেছিল! আবাহনীর বিপক্ষে কোটি টাকার কাপের ফাইনালে দুই গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত হার।এ থেকে মোহামেডানের শিক্ষাটা হলো কাগজে-কলমের দল আর মাঠের পারফরম্যান্স ভিন্ন। তার পরও শিরোপার লক্ষ্যে শক্তিশালী দল করতে না পারা সাদা-কালো সমর্থকদের কাছে হতাশারই। ক্লাবের অস্থায়ী পরিচালনা পর্ষদ হতাশা ঘোচাতে তাকিয়ে ছিল নির্বাচিত পর্ষদের দিকে। কিন্তু দিন কয়েক আগে দায়িত্ব নেওয়া পর্ষদ সুযোগই পেল না; তত দিনে তারকারা পর্দার আড়ালে দলবদল সেরে ফেলেছেন! তার পরও মোহামেডান গতবারের মতো শূন্য নয়। অভিজ্ঞ ডিফেন্ডার রজনী ও মিডফিল্ডার মতিউর মুন্নাকে নিয়ে এসেছে মুক্তিযোদ্ধা থেকে। নতুন যাঁরা এসেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রহমতগঞ্জ গোলরক্ষক নেহাল, মুক্তিযোদ্ধার স্ট্রাইকার রনি, শেখ রাসেলের উইঙ্গার মোবারক, আবাহনীর মিডফিল্ডার সোহাগ, ব্রাদার্সের তপু। থেকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুন, গোলরক্ষক টিটু, মিডফিল্ডার শরিফুল, ডিফেন্ডার অপু। হাসান আল মামুন বলেছেন, ‘এবার কিছু প্রতিষ্ঠিত খেলোয়াড় আমরা পেয়েছি। কাজেই ভালো কিছু অবশ্যই আশা করা যায়।’ মতিউর মুন্নার কথা, ‘দলটা ভালোই হয়েছে। মাঠেই দেখা যাবে কারা কেমন।’ ম্যানেজার আমিরুল ইসলামসহ অন্যদের কণ্ঠেও ছিল অনুরণন।কাল নিবন্ধিত ১৯ জন খেলোয়াড়ের মধ্যে রজনী এবং অনূর্ধ্ব-১৯ দলের চার খেলোয়াড় বাদে বাকিরা বাফুফে ভবনে এসেছেন। তালিকায় ছিল আবাহনীর মিডফিল্ডার মেহেদি হাসানের (উজ্জ্বল) নাম। তবে উজ্জ্বল দিন কয়েক আগে প্রথম আলোকে জানিয়েছেন, আর ফুটবল খেলবেন না। মোহামেডানকে কথা দেননি, টাকাও নেননি। সাদা-কালোর কর্মকর্তারা অবশ্য উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন।যোগাযোগ চলছে ভালো বিদেশি খেলোয়াড় আনার। মোহামেডান সবাইকে অবাক করে এবার সাতজন বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন চেয়েছে বাফুফের কাছে।গতবারের কোচ শফিকুল ইসলামই (মানিক) থাকছেন বলে এত দিন শোনা গেছে, তবে কাল দলবদলের মঞ্চে শফিকুল ছিলেন না। এটা অন্য রকম ইঙ্গিত কি না, তা নিয়ে জোর গুঞ্জন। শফিকুল জানিয়েছেন, খেলোয়াড় নিবন্ধনের ব্যাপারটা ক্লাবের কেউ তাঁকে জানায়নি। তাঁকে ‘না’ যেমন বলেনি ক্লাব, ‘হ্যাঁ’ও বলা হয়নি।ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার কথা, কোচ নিয়োগের ব্যাপারটা নিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হবে।শফিকুলের সঙ্গে এ মৌসুমের জন্য চুক্তি হয়নি মোহামেডানের। তবে এবার শেখ জামাল থেকে প্রস্তাব পেয়েও তিনি যাননি বলে শোনা যায়। এর আগের মোহামেডানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শফিকুলকে নাকি কোচ হিসেবে রেখে দেওয়ার কথা বলেছিলেন। এখন ক্লাবে নতুন পরিচালনা পর্ষদ অন্য চিন্তা করছে বলে জানাল একটি সূত্র।‘ভালো বিদেশি’র মতো ‘ভালো বিদেশি কোচ’ও আনবে মোহামেডান?