দলবদলের আনুষ্ঠানিকতায় প্রথমেই মোহামেডান
দলবদলের পুরোনো দৃশ্যে সামান্য ব্যতিক্রম—বাজিয়ের দল নেই। বদলে ডিজিটাল মিউজিক। বিশাল এক ব্যান্ডবক্স নিয়ে চারটি ঘোড়ার গাড়িতে ফুলের মালা শোভিত মোহামেডানের খেলোয়াড়েরা এলেন ফুটবল ফেডারেশনে। গত ১৬ আগস্ট দলবদল শুরু হলেও মোহামেডানই প্রথম দল হিসেবে কাল অংশ নিল দলবদলে।ঘর গোছানোর কাজটা অবশ্য সারা হয়ে গিয়েছিল আগেই। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে মোহামেডান। পুরোনোদের মধ্যে রয়ে গেছেন রজনীকান্ত বর্মণ, তিতুমীর চৌধুরী (টিটু), মতিউর মুন্না, ইয়াসিন, মোবারক, ওয়াহেদ, শরীফুল, সোহেল রানা, হাবিবুর, মেসবাউল, তপু বর্মণ, আহসান হাবিব ও আলফাজ। মুক্তিযোদ্ধা থেকে এসেছেন মারুফ ও মামুন খান, শেখ জামালের মিন্টু শেখ, আবাহনীর ইমতিয়াজ সুলতান, মোহাম্মদ রবিন, শেখ রাসেলের আনিসুর, ফরাশগঞ্জের মামুন মিয়া, সাইদুল, জহিরুল ও ফেনী সকারের ইকবাল। একেবারেই নতুন মুখ ইসমাইল হোসেন। এই দল নিয়েই শিরোপা জিততে চান অধিনায়ক মতিউর মুন্না। তাঁর কথা, ‘বাফুফের ডাক পাওয়া ৮১ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জনই মোহামেডানের। আমাদের জন্য এটা একটা ইতিবাচক দিক। সব পজিশনেই ভালো খেলোয়াড় নেওয়া হয়েছে। অভিজ্ঞ আর তরুণ খেলোয়াড় নিয়ে গড়া এই দল নিয়েই সেরা হওয়ার চেষ্টা করব।’ সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদও (নকীব) এই দল নিয়ে দারুণ আশাবাদী, ‘আমরা যেসব স্থানীয় খেলোয়াড় নিয়েছি তারা বেশ ভালো। এখন দরকার ভালো মানের কিছু বিদেশি। তাহলেই দলটা ব্যালান্সড হবে।’ গতবার ভাঙাচোরা দল নিয়েও মোহামেডান তৃতীয় হয়েছে পেশাদার লিগে।