দলবদলের শেষ দিনটি সিটির
তাহলে শেষ দিনে চমকের অপেক্ষায়ই ছিল ম্যানচেস্টার সিটি? দলবদলের বাজারে দুই হাতে টাকা ঢালা যাদের অভ্যাস, সেই ম্যান সিটিই এবারের গ্রীষ্মের দলবদলে প্রায় নীরব দর্শকের ভূমিকায় ছিল। শেষ পর্যন্ত অবশ্য আর দর্শক নয়, ইংলিশ চ্যাম্পিয়নরা বড় চমকই দিল সব শেষে। পরশু দলবদলের শেষ দিনে সিটি কোচ রবার্তো মানচিনি খেলোয়াড় কেনার পেছনে ঢেলেছেন তিন কোটি ৬০ লাখ পাউন্ডের বেশি। ঘরে তুলেছেন ইন্টার মিলানের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন, বেনফিকার স্প্যানিশ মিডফিল্ডার জাভি গার্সিয়া, সোয়ানসি সিটির ইংলিশ উইঙ্গার স্কট সিনক্লেয়ার, ফিওরেন্তিনার সার্বিয়ান ডিফেন্ডার মাতিয়া নাস্তাসিচকে। ৩১ বছর বয়সী মাইকনের সঙ্গে চুক্তিটা ৩০ লাখ পাউন্ডের। সিনক্লেয়ারের জন্য দিতে হয়েছে ৬০ লাখ পাউন্ড। ১৯ বছর বয়সী নাস্তাসিচের পেছনে খরচ একটু বেশি, নগদ এক কোটি ২০ লাখ পাউন্ডের সঙ্গে ডিফেন্ডার স্টেফান সাভিচকেও তুলে দিতে হয়েছে ফিওরেন্তিনার হাতে। ২৫ বছর বয়সী গার্সিয়ার বিষয়ে বেনফিকার সঙ্গে মানচিনির রফা হয়েছে জানুয়ারি পর্যন্ত দলবদলের দরজা বন্ধ হওয়ার শেষ মিনিটে। চুক্তিটা এক কোটি ৬০ লাখ পাউন্ডের।তাঁদের জায়গা করে দিতে মানচিনি ৩৫ লাখ পাউন্ডে ডাচ মিডফিল্ডার নাইজেল ডি ইয়ংকে বেচেছেন এসি মিলানের কাছে। প্যারাগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার রক সান্তা ক্রুজকে এক মৌসুমের জন্য ধারে দিয়েছেন স্প্যানিশ ক্লাব মালাগাকে। টটেনহাম দলে ভিড়িয়েছে অলিম্পিক লিওঁর ফরাসি গোলরক্ষক হুগো লরিস ও ফুলহামের মার্কিন তারকা ক্লিন্ট ডেম্পসিকে। টটেনহাম ডাচ ফরোয়ার্ড ফন ডার ভার্টকে বিক্রি করে দিয়েছে তাঁর সাবেক ক্লাব হামবুর্গের কাছে।ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে একরকম যুদ্ধই ঘোষণা করেছিলেন দিমিতার বারবেতভ। শেষ দিনে ৩১ বছর বয়সী বুলগেরিয়ান ইউনাইটেড ছেড়ে পাড়ি জমালেন ফুলহামে। টাকার অঙ্কটা অপ্রকাশিত। তবে তাঁরা নন, দলবদলের শেষ দিনের সবচেয়ে বড় চমক মাইকেল এসিয়েনের চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া। তবে ২৯ বছর বয়সী মিডফিল্ডার এক মৌসুমের জন্য গেছেন ধারে। দ্রগবা-আনেলকারা চলে গেলেও এসিয়েনের চেলসি ছাড়ার কথা শোনা যায়নি। রিয়াল মাদ্রিদও কদিন আগেই কিনেছে টটেনহামের ক্রোট মিডফিল্ডার লুকা মডরিচকে। কিন্তু শেষ দিনের নাটকে হঠাৎ করেই চেলসি ছেড়ে এসিয়েন রিয়ালে। এএফপি।