দলীয় সংহতিই জেতাল ভারতকে
ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভারতে ক্রিকেট-উন্মাদনা এখন বহুগুণ বাড়বে, ক্রিকেট-বাণিজ্যটা উঠবে আরও তুঙ্গে। যে দেশে প্রতি দুজনের একজনের বয়স ২৫-এর কম, সেই দেশে বিশ্বকাপ জয় নিঃসন্দেহে বিশাল ব্যাপার।শনিবারের ঐতিহাসিক রাতটিতে দেখলাম সুরেশ রায়না ও বিরাট কোহলি সিনিয়রদের হাতের ওপর মাথা রাখছে। ঠিক বাচ্চারা যেমন মা-বাবার কোলে মাথা রাখে। আবেগাপ্লুত দুই সিং—হরভজন ও যুবরাজ কাঁদছে। ধোনি যেন পরিবারের নিঃস্বার্থ প্রধান। সবচেয়ে সিনিয়র শচীনের জন্য সবার শ্রদ্ধাটা আলাদা করে চোখে পড়ছিল। ‘গুরু’ কারস্টেনের জন্যও তার শিষ্যদের ছিল শ্রদ্ধা। একটা দলের সিনিয়ররা যখন শ্রদ্ধা পায়, আর সিনিয়ররাও ছোটদের বেড়ে উঠতে সাহায্য করে, কোনো ভেদাভেদ ছাড়াই সবাইকে শেখায়, তখনই দলের সবাই একাত্ম হয়ে পড়ে। দলের মধ্যে জন্মে দায়বদ্ধতা।ভারত জিতেছে এই দলগত সংহতির জন্যই। ধোনির দলের মতো সংহতি অতীতের খুব কম ভারতীয় দলে দেখা গেছে। একটা দলের ঐক্য সুদৃঢ় হয় তখনই, যখন সবাই পরস্পরের ওপর আস্থা রাখতে পারে। দুর্দান্ত এই খেলোয়াড়েরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে। সবাই একজোট হয়ে চেষ্টা করেছে বলেই বোলিং, ফিল্ডিং কিংবা চোটজনিত সমস্যা ঢাকা পড়ে গেছে। এই চেষ্টাই তাদের বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে সাহায্য করেছে, যে বিশ্বকাপ এত দিন ধরে স্বাগতিকদের কাছে অধরা ছিল।তরুণ ভারতের কাছে এই জয়টা দারুণ এক উদাহরণ হয়ে রইল। ব্যক্তিগত লক্ষ্যকে কীভাবে সর্বজনীন রূপ দেওয়া যায় সেটিরও একটি অনন্য উদাহরণ এটি। এই জয় আঞ্চলিকতা, ধর্ম, জাতপাত ও ভাষার দূরত্ব মুছে দেবে। সবার কাছেই এই জয় গৌরবের। সবাই নিঃস্বার্থ কঠোর পরিশ্রমের মূল্যটাও এখন বুঝতে পেরেছে। এই জয় ভারতীয়দের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে শেখাবে।২০০৭-এর বিশ্বকাপের পর থেকেই দলটির মধ্যে আমূল পরিবর্তন দেখা গেছে। আগের বিশ্বকাপ তাদের কাছে ছিল অপমানের, আর এবারেরটি গৌরবের। শনিবারের দলে এমন আটজন ছিল যারা আগের বিশ্বকাপের বিস্মরণযোগ্য অভিযানের যাত্রী ছিল। ওই অভিজ্ঞতাই হয়তো এই দলটার মধ্যে এমন সংহতি এনে দিয়েছিল।প্রতিযোগিতায় ভারতই ছিল সেরা দল। প্রায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। প্রায় প্রতিটি বোলারেরই দারুণ কিছু মুহূর্ত গেছে। তারা ইংল্যান্ডের সঙ্গে টাই করেছে, হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের, যাদের বোলিং ছিল টুর্নামেন্ট-সেরা। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা অবশেষে। ভারত এখন বিশ্বসেরা।