দলীয় সভায় ডাকা হয়নি পন্টিংকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেট অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন রিকি পন্টিং। তাঁর হাত ধরেই টানা দুবার বিশ্বকাপ শিরোপা হাতে নিয়েছিল অস্ট্রেলিয়ানরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই বদলে যায়! এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ককে দলীয় সভায় ডাকতেও মনে থাকে না সতীর্থদের। গত এপ্রিলে, বাংলাদেশ সফরের প্রস্তুতি উপলক্ষে ডাকা এক সভায় পন্টিংয়ের সঙ্গে ঠিক এ ঘটনাই ঘটেছে।অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সহ-অধিনায়ক শেন ওয়াটসন খুব চুপিসারে এ সভাটির আহ্বান করেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য এজ’। অস্ট্রেলিয়ান এ পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, ‘নীতিনির্ধারণী গ্রুপে আমি আর নেই, এ কথা আমাকে আসলে আগে বলা হয়নি। বাংলাদেশ সফরের প্রস্তুতি উপলক্ষে প্রথম এ সভাটি শুরু হওয়ার কথা ছিল বেলা তিনটায়। আমি সেখানে উপস্থিত থাকব কি না, সেটা জানার জন্য অনেকবার ফোনে কোচ ও ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আমি সরাসরি সভাকক্ষেই চলে যাই। সেখানে তারা আগে থেকেই উপস্থিত ছিল। পরে অবশ্য সবাই আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। আমাকে জানানো উচিত ছিল, এ কথাও বলেছে। কিন্তু এ ধরনের একটা সভায় আমাকে আগে থেকেই ডাকা হবে, এটাই আমার প্রত্যাশা ছিল।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।