দলীয় সাফল্যেরই জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে ব্রাজিলের ওপর বুলডোজার চালিয়ে ফাইনালে উঠে আসা।তারপর ইতিহাস।আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতল জার্মানি।

ফিলিপ লাম, টমাস মুলাররা এখন জার্মানির জাতীয় বীর। তাঁদের হাত ধরে ২৪ বছরের অপেক্ষা শেষ। এমন স্মরণীয় সময়ে মাঠের নায়কেরা যেন ঘোরের মধ্যে। ডিফেন্ডার ম্যাটস হামেলস যেমন বলছেন, ‘আমি এখনো অন্য জগতে আছি! সেখান থেকে নিজেকে বের করে এনে ঠিকভাবে উদ্‌যাপনও করতে পারছি না। তবে কিছুদিন পর ঠিকই উদ্‌যাপন করব।’

হামেলস বোধ হয় একটু বেশিই উদ্বেলিত। জার্মান মেশিনের অ​বিরাম ছুটে চলার রহস্যও জানালেন এই ফাঁকে, ‘আপনি তখনই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবেন যখন দলীয়ভাবে কাজ করবেন। সেটাই সবার কাছে পরিষ্কার করতে চাই। একটা সময় সবাই টাইব্রেকারের ক্ষণ গুনছিলাম। তার পরও আমরা হাল ছাড়িনি। দলীয়ভাবে চেষ্টা চালিয়ে যাই।’

এটা দিনের আলোর মতোই পরিষ্কার, জার্মানরা ঐক্যবদ্ধ দল হয়েই খেলেছে এবং বিশ্বকাপ জয় দলীয় প্রচেষ্টারই ফসল। গোটা দলের জন্য আবার অনুপ্রেরণা হয়ে ছিলেন ​গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষকের বিশ্বাসই হচ্ছে না জার্মানি চ্যাম্পিয়ন! অনুভূতি প্রকাশ করলেন একটা শব্দে, ‘অবিশ্বাস্য।’

হামেলসের সঙ্গে কণ্ঠ মিলিয়ে নয়্যার পুরো দলের গলায়ই পরালেন জয়মাল্য, ‘সবাই দুর্দান্ত খেলেছে। শুধু দলই নয় দলের পেছনে যারা কাজ করেছে তারাও প্রশংসার দাবিদার। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছি।’ চোট যাঁদের দল ​থেকে ছিটকে দিয়েছে, নয়্যার বলছেন, এই জয় তাঁদের জন্যই।

জার্মান ব্রিগেডের অন্যতম সেনা বাস্তিয়ান শোয়েনস্টাইগার এই জয়কে দেখছেন বিস্ময়ভরা চোখে। তাঁর কাছে এটি দারুণ এক প্রাপ্তি, ‘১৯৯০ বিশ্বকাপ দেখেছিলাম। এর পর থেকে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখে আসছি। একটা সময় এসে এটিই আমার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রথমবারের মতো লাতিন আমেরিকায় ইউরোপের কোনো দেশ হিসেবে আমরা বিশ্বকাপ জিতলাম।’ ফিফাডটকম, গোলডটকম, এএফপি।