দলে নিজের অবস্থান নিয়ে ক্লার্কের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার বেদনায় পুরো অস্ট্রেলিয়া দল। অধিনায়ক মাইকেল ক্লার্কের দুঃখ আরেকটু বেশি। একদিকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা না এনে দিতে পারার বেদনা, অন্যদিকে পুরো প্রতিযোগিতায় নিজের অবিশ্বাস্য রকম দুর্বল পারফরম্যান্স। পারফরম্যান্স এতটাই খারাপ যে ম্যাচ শেষে দলে তাঁর অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করলেন ক্লার্ক নিজেই। ইংল্যান্ডের বিপক্ষে গতকালকের ফাইনালে ২৭ রান করেছেন মাইকেল ক্লার্ক। এটাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসি অধিনায়কের সর্বোচ্চ সংগ্রহ! অথচ কিছু দিন আগেও অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটিং স্তম্ভ ছিলেন তিনি। নিজের পারফরম্যান্সে অসন্তুষ্ট মাইকেল ক্লার্ক বলছেন, ‘আমি জানি, পুরো প্রতিযোগিতায় আমার পারফরম্যান্সে নির্বাচকেরা অসন্তুষ্ট নন। তাঁরা আমার পারফরম্যান্সের দিকে নজর দেবেন, সন্দেহ নেই।’এর পরই ক্লার্ক নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন। তিনি বলছেন, ‘আমি নিশ্চিত যে নির্বাচকেরা আমাকে বসিয়ে দেবেন। আর তাঁরা যদি মনে করেন, আমি অধিনায়কত্ব করার বা দলের তিন নম্বর স্থানে থাকার যোগ্যতা রাখি না, তাহলে নির্বাচকেরা সে সিদ্ধান্ত নিতে পারেন।’রিকি পন্টিং অবসরে গেলে তাঁর উত্তরসূরি হিসেবে ক্লার্ককে প্রস্তুত করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। গতকালের ম্যাচটি বাদ দিলে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথেষ্ট সফলও ক্লার্ক। অধিনায়কত্বকে অসাধারণ অভিজ্ঞতা আখ্যায়িত করে মাইকেল ক্লার্ক বলেন, ‘অধিনায়কত্বের অভিজ্ঞতা দারুণ উপভোগ করেছি আমি। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।’ রিকি পন্টিংকে টি-টোয়েন্টির অধিনায়ক করলে কোনো আপত্তি নেই জানিয়ে ক্লার্ক বলছেন, ‘পন্টিংই আমাদের অধিনায়ক। তার নেতৃত্বে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনও দারুণ উপভোগ করি আমি। যেকোনো ধরনের ক্রিকেটে পন্টিংয়ের বিকল্প নেই।’শিরোপা হারানোর বেদনার মধ্যেও পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের জয়টিকে টি-টোয়েন্টির অন্যতম সেরা জয় হিসেবে আখ্যায়িত করেছেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, ‘আমরা হতাশ। তবে আমরা সমর্থকদের ভালো ক্রিকেট উপহার দিতে পেরেছি। সামনের দিনগুলোতে আরও উন্নতি করার চেষ্টা করব।’