দলে ফিরলেন ক্লার্করা
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বলতে গেলে নতুন চেহারায় দেখা দিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক মাইকেল ক্লার্কসহ নিয়মিত বেশ কজন খেলোয়াড়কে। যেটিকে বলা হচ্ছিল অস্ট্রেলিয়া ‘বি’ দল, সেটিই প্রথম ম্যাচে দারুণ খেলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য দোর্দণ্ড প্রতাপে ফিরে আসে শ্রীলঙ্কা। অনুমিতভাবেই তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য কাল ঘোষিত দলে ফিরেছেন ক্লার্ক; সঙ্গে ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। ফিরেছেন ময়েজেস হেনরিকসও, তবে তাঁর ফেরাটা অন্য রকম। সর্বশেষ ২০০৯ সালে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন এই অলরাউন্ডার। বাদ পড়েছেন অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, বেন কাটিং ও কেন রিচার্ডসন। ব্র্যাড হাডিন বাদ কি না বোঝা কঠিন, কারণ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এমনিতেই তিনি ছিটকে পড়েছেন বাইরে। ব্রিসবেনে তৃতীয় ম্যাচটি হবে আগামী শুক্রবার, সিডনিতে চতুর্থটি রোববার। বিশ্রাম দেওয়ার নীতিতে এবার বিশ্রাম পেয়েছেন কোচ মিকি আর্থার। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থাকবে ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনের কাঁধে। হোবার্টে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। সেই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হবে পরে। এএফপি। তৃতীয় ও চতুর্থ ওয়ানডের অস্ট্রেলীয় দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, জেভিয়ার ডোহার্টি, ময়েজেস হেনরিকস, ফিল হিউজ, ডেভিড হাসি, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকাই, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।