বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর প্রায় প্রতিটি দলেই থাকছে কিছু অবাক করা অন্তর্ভুক্তি বা খুবই নিয়মিত, অভিজ্ঞ খেলোয়াড় বাদ পড়ার বিস্ময়। নিউজিল্যান্ডও বাদ যায়নি এ তালিকা থেকে। বিশ্বকাপের জন্য কিউইদের ১৫ সদস্যের চূড়ান্ত দলে আছে দুটি বিস্ময়কর অন্তর্ভুক্তি। দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার লুক উডকক ও ব্যাটসম্যান জেমি হাউকে।এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি উডককের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি। হয়তো বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতেই ঝালাই করে নেওয়া হবে তাঁকে। টপঅর্ডার ব্যাটসম্যান জেমি হাউ অবশ্য উডককের মতো অতটা অনভিজ্ঞ নন। ৩৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তাঁর ঝুলিতে। কিন্তু ক্যারিয়ারের অনেকটা সময়ই তিনি কাটিয়েছেন মাঠের বাইরে। প্রায় দুই বছর পর গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ব্যাট হাতে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। চার ইনিংসে করেছেন মাত্র ৪১ রান; সর্বোচ্চ ২৩। তার পরও তাঁকে বিশ্বকাপ দলে রাখায় অবাক হয়েছেন অনেকেই।ইনজুরি থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম ও ফাস্ট বোলার হামিশ বেনেটকে।নিউজিল্যান্ড দল: ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককালাম, জেসি রাইডার, জেমি হাউ, মার্টিন গাপটিল, রস টেলর, স্কট স্টাইরিস, কেন উইলিয়ামসন, জেমস ফ্রাঙ্কলিন, জ্যাকব ওরাম, নাথান ম্যাককালাম, টিম সাউদি, কেইল মিলস, হামিশ বেনেট ও লুক উডকক। রয়টার্স।