দলে ফিরলেন তোরেস ও ইনিয়েস্তা
বিশ্বকাপের পর এবার ইউরো শিরোপা জয়ের মিশনে নামতে যাচ্ছে বিশ্বকাপজয়ী স্পেন। আগামী সেপ্টেম্বরের ৩ তারিখে লিচেনন্সেইন বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে স্পেনের ২০১২ ইউরোর বাছাই প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার ইউরো বাছাইপর্বের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক।বিশ্বকাপের পর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেন দলের প্রায় সব সদস্য থাকলেও ইনিয়েস্তা ও তোরেসের অনুপস্থিতি কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল স্পেন-সমর্থকদের। তবে সুসংবাদ যে ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন ইনিয়েস্তা ও তোরেস। এবার ইনজুরির কারণে বাদ পড়েছেন রাউল এলবিওল। বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য মিডফিল্ডার জুয়ান মাটার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সান্টি কারজোলা। এ ছাড়া বিশ্বকাপজয়ী দলের সব সদস্যই আছেন ইউরো মিশনে।লিচেনন্সেইন ছাড়া স্পেনের গ্রুপে থাকা অন্য দলগুলো হলো চেক রিপাবলিক, লিথুয়ানিয়া ও স্কটল্যান্ড। বিশ্বকাপজয়ী স্পেনের জন্য এ দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে খুবই দুর্বল মনে হলেও তাদের হেলাফেলা করতে চাচ্ছেন না ভিসেন্তে দেল বস্ক। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘আমরা কাউকেই ছোট করে দেখছি না। আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছি, যারা বিশ্বকাপ শিরোপাজয়ী। নিজেদের অবস্থান ধরে রাখার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’স্পেন দল: ইকার ক্যাসিয়াস, পেপে রাইনা, ভিক্টর ভালদেজ, আলভারো আর্বেলোয়া, সার্জিও রামোস, জন কাপডেভিলা, কার্লোস মারচেনা, কার্লোস পুয়োল, জেরার্ড পিকে, জাভি, সেস ফেব্রিগাস, জাবি আলোনসো, সার্জিও বুসকেটস, সানটি কারজোলা, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, পেদ্রো, জেসাস নাভাস, ফার্নান্দো তোরেস, ফার্নান্দো লরেন্তে। রয়টার্স