দলে ফেরার আশা গেইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বাইরের ঘটনায় আপাতত তিনি জাতীয় দলে ব্রাত্য। তবে মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ক্রিস গেইল। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লুআইপিএ) বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাবেক অধিনায়ক। সঙ্গে জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও। তবে মাঠের বাইরে থাকতে নাকি একটুও ভালো লাগছে না গেইলের। ভারতীয় এক পত্রিকায় নিজের কলামে লিখেছেন, জাতীয় দলে ফিরতে চান শিগগিরই। এবারের আইপিএলের সেরা খেলোয়াড় গত শনিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচটা দেখেছেন কুইন্স পার্ক ওভালের গ্যালারিতে বসে। কলামে সেই অভিজ্ঞতা লিখেছেন বাঁহাতি ব্যাটসম্যান, ‘মাঠের বাইরে থাকাটা হতাশাজনক। খেলায় না থাকাটা, ব্যাটিং ওপেন করতে না যাওয়ার অনুভূতিটা অদ্ভুত। চারপাশের আবহ ছিল দুর্দান্ত কিন্তু আমার জন্য গ্যালারিটা মোটেও ভালো জায়গা নয়। আমি মাঠের মধ্যে থাকতে চাই। তবে ব্যাপারটা তো আর আমার হাতে নেই। অপেক্ষা করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো বোর্ডের সঙ্গে সভায় বসব। আমি চাই, সবকিছুর একটা ফয়সালা হয়ে যাক। আশা করি, দ্রুতই ফিরব দলে।’তবে যথারীতি একটা খোঁচা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে, ‘আমার ভক্তরা, সাধারণ লোকজন আমাকে অনেক সমর্থন ও ভালোবাসা দিয়েছে। অথচ নিজেদের লোকজনই ভুলে যায় দলের জন্য আমি কী করেছি।’ ওয়েবসাইট।