দলে ফেরার আশায় আফ্রিদি
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ক্রিকেট। শহীদ আফ্রিদিও বোধহয় কম ‘আনপ্রেডিক্টেবল’ নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে অভিযোগ এনে আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গত মাসে। অথচ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও দলে ফেরার আশা করছেন সাবেক এই অধিনায়ক!‘আমি আবারও পাকিস্তানের হয়ে খেলতে চাই। কারণ, আজ যে অবস্থানে আমি আছি, তা পাকিস্তানের জন্যই। আমার পরিচয়, আমি পাকিস্তানি ক্রিকেটার। আমার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই’—আজ হ্যাম্পশায়ারের হয়ে খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে করাচি বিমানবন্দরে এ কথা বলেন আফ্রিদি।যাক, অল্প দিনেই আফ্রিদির বোধোদয় হলো! হয়তো দেশপ্রেমে ‘আকুল’ হয়েই দেশের হয়ে আবারও খেলতে চাইছেন তিনি! অনেকে বলবেন, আফ্রিদি যে এমন কিছু করবেন, তা জানাই ছিল! যে যেভাবেই বিষয়টি দেখুক, আফ্রিদি কিন্তু অবসর নেওয়ার সময়ই ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, পিসিবির বর্তমান প্রশাসনের হয়ে তাঁর খেলা সম্ভব নয়।পিসিবি প্রশাসনে বলতে গেলে কোনো পরিবর্তনই আসেনি। তবু পরিবর্তন দেখছেন আফ্রিদি, ‘দলের ম্যানেজমেন্ট ও প্রশাসনে বেশ উন্নতি এসেছে। আমি ফিরে আসতে চাই। আমার কাছে মনে হচ্ছে, বর্তমান পরিবেশ ও কন্ডিশন আন্তর্জাতিক ক্রিকেটে আমার ফিরে আসার উপযুক্ত সময়।’ ওয়েবসাইট।