দলে ফেরার পথ খুললেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল ছিল নিজের কোর্টে। ক্রিস গেইল পরশু সেটা ঠেলে দিলেন বোর্ডের কোর্টে। নতুন করে দেখা দেওয়া জটিলতা দূর করতে এগিয়ে এলেন নিজেই। সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে জানিয়ে দিলেন খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের হয়ে। তাঁকে দলে নেওয়ার দায় এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের।গত এপ্রিলে একটি রেডিও সাক্ষাৎকারে বোর্ড ও কোচকে তীব্র সমালোচনা করার সূত্রে দুই পক্ষের দ্বন্দ্বের শুরু। কেন্দ্রীয় চুক্তিতে সই না করে ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে যাওয়া গেইল গত বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। নানা ঘটনাপ্রবাহে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক ভীষণ শীতল হয়ে পড়ে। সম্প্রতি ক্যারিকমের মধ্যস্থতায় সুরাহার একটা পথ বের করা হয়েছিল। তবে সমারসেটের সঙ্গে গেইলের চুক্তিতে নতুন করে জটিলতার তৈরি হয়েছিল। ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে চেয়েছেন গেইল। ওই সময়েই আবার ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে সমারসেটের হয়ে খেলার কথা ছিল।পরশু এক বিবৃতিতে জানালেন সমারসেটের চুক্তি বাতিলের কথা, ‘আজ ২ মে, ২০১২, সমারসেট ক্রিকেট ক্লাবকে আমি জানিয়ে দিয়েছি, তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিটাকে সম্মান জানাতে পারছি না। আমি এটাও পরিষ্কার করে দিয়েছি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ও ভক্তদের জন্যই আমার এই সিদ্ধান্ত...আমি বিশ্বাস করি, এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সময় হয়েছে আমার ভবিষ্যৎ পরিষ্কার করে দেওয়ার।’ বোর্ড যাতে গেইলের ওপর আর দায় চাপাতে না পারে, বিবৃতিতে সেটাও পরিষ্কার করে দিয়েছেন, ‘একটি চুক্তি বাতিল করা অনেক ঝুঁকির ব্যাপার, তার পরও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আশায় ঝুঁকিটা আমি নিয়েছি। আশা করি, আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের সন্তুষ্ট করতে পেরেছি। এই দীর্ঘ সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। আমার পরিবার, বন্ধুবান্ধব, বিশেষ করে বিশ্বজুড়ে ভক্তরা, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আবারও মেরুন জার্সি গায়ে চাপাতে চাই।’এবার আর কোনো সমস্যা থাকার কথা নয়। ১৬ জুন রোজবোলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই হয়তো আবার মেরুন জার্সিতে দেখা যাবে গেইলকে। ওয়েবসাইট।