‘আবাহনীর কাছে এত বেশি গোল খাওয়ার মতো দল নয় সোনালী ব্যাংক’—প্রিমিয়ার হকি লিগে কাল আবাহনীর কাছে ৮-৩ গোলে হারার পর বলছিলেন সোনালী ব্যাংকের খেলোয়াড় আবদুস সাজ্জাদ (জন)। ৮ ম্যাচে ২১ পয়েন্ট এখন আবাহনীর। সোনালী ব্যাংক হারল টানা দুই ম্যাচ।২২ মিনিট পর্যন্ত ২-০-তে এগিয়ে থাকা আবাহনীর সঙ্গে একসময় ২-২ সমতায় ফেরে সোনালী ব্যাংক। কিন্তু পরের পাঁচ মিনিটে ইকবাল নাদিরের হ্যাটট্রিকে এগিয়ে যায় আবাহনী। আবাহনীর হয়ে ইকবাল ও সাব্বির ৩টি করে গোল করেছেন। বাকি দুই গোল জুবায়ের ও প্রসেনজিতের। সোনালী ব্যাংকের গোলদাতা ইমরান, অজিত ও শাহজাদ। ম্যাচ শেষে সোনালী ব্যাংকের কোচ সুলতান আহমেদ হারের দায় দিলেন নিজেদের খেলোয়াড়দের ওপর, ‘স্থানীয়দের সঙ্গে পাকিস্তানিদের বোঝাপড়া নেই। স্থানীয়রা তাদের সাহায্য করে না।’ পাল্টা অভিযোগ মিডফিল্ডার সাজ্জাদের, ‘আমরা বল পাকিস্তানিদের দিলেও রিটার্ন পাই না। ছোট ম্যাচে এসব সমস্যা বোঝা না গেলেও বড় ম্যাচে ঠিকই প্রভাব পড়েছে।’ পাকিস্তানি ডিফেন্ডার রানা যুবায়ের অবশ্য বললেন, ‘আমরা তাদের সাহায্য না করলে আগের পাঁচটি ম্যাচ কীভাবে জিতলাম!’কাল অন্য ম্যাচে মোহামেডান ১২-১ গোলে হারিয়েছে আজাদকে। হ্যাটট্রিকসহ ৫ গোল জাতীয় দলের স্ট্রাইকার জিমির। চয়ন ২টি, বিপ্লব, নান্নু, আলমগীর, তাপস ও ইশতিয়াক করেছেন ১টি করে গোল। ৮ ম্যাচে সবগুলোয় জয় নিয়ে ২৪ পয়েন্ট সাদা-কালোদের।