দলের কাছে সেরাটা চাইলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব স্বাভাবিক ঘটনা—যেকোনো বড় টুর্নামেন্টের আগে দলের অধিনায়ক তাঁর খেলোয়াড়দের কাছে সেরা খেলাটা চাইবেন। শহীদ আফ্রিদিও তাই চাইছেন। কিন্তু আফ্রিদি যে পাকিস্তানের অধিনায়ক। তাই তিনি যখন বারবার বলেন ‘আমাদের পুরো দলকেই ভালো খেলতে হবে, দিতে হবে নিজেদের সেরাটা’, তখন কানাঘুষা ওঠে। তাহলে কি পাকিস্তান দলের সবাই প্রস্তুতিতে গা লাগাচ্ছেন না?পরশু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৭ রানে হেরে গেছে পাকিস্তান। এ ম্যাচে খেলেননি পাকিস্তান অধিনায়ক। তবে শোয়েব আখতার বোলিং করেছেন, খেলেছেন কামরান আকমল, মিসবাহ-উল হক ও ইউনুস খানরা। একমাত্র ইউনুস ছাড়া সিনিয়র খেলোয়াড়দের কেউই তেমন কিছু করতে পারেননি।শোয়েব পুরো ১০ ওভার বল করে ৬২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের ৪৯.৪ ওভারে করা ২৭৩ রানের জবাবে ইনিংস উদ্বোধন করতে নেমে কামরান করেছেন ১৮, মিসবাহ লেট মিডল-অর্ডারে নেমে করেছেন ২৫। তবে ইউনুস খেলেছেন ১০১ বলে ৮০ রানের ইনিংস।শোয়েব-কামরান-মিসবাহর এই পারফরম্যান্স মন ভরাতে পারেনি আফ্রিদির, সেটা পারার কথাও নয়। এ কারণেই হয়তো তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আমিসহ সব সিনিয়র খেলোয়াড়কে বড় ভূমিকা রাখতে হবে। এই টুর্নামেন্টে প্রথম যেসব তরুণ খেলোয়াড় খেলছে, ওদের ভালো খেলার পথটা আমাদেরই দেখাতে হবে।’দলের সব খেলোয়াড়কে দায়িত্ব নিয়ে খেলার ওপর জোর দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘পরিষ্কার কথা হচ্ছে, এখন সবাইকেই ভালো খেলতে হবে। ভালো করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কম্বিনেশন হয়ে গেছে। আমরা এখন ফিটনেসের দিকে মনোযোগ দিচ্ছি। এখন আর পরীক্ষা-নিরীক্ষার সময় নেই।’ শুধু খেলাই নয়, আফ্রিদি সিনিয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন শৃঙ্খলার দিক দিয়েও তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত গড়তে। তবে এর মধ্যেই দলের শৃঙ্খলা ভেঙেছেন শোয়েব। দলের নিয়ম ভেঙে মাঝরাত অবধি টিম হোটেলের বাইরে ছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওয়াহাব রিয়াজকেও। এর জন্য অবশ্য দুজনকেই জরিমানা গুনতে হয়েছে। ওয়েবসাইট।